সাব্বিরের ফিফটি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।
প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন আইকন ক্রিকেটার সাব্বির রহমান। প্রথম দুই রাউন্ডে ফিফটি বা ততোধিক রান করতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন বর্তমান সময়কার ক্রিকেটের সেনসেশন সাব্বির রহমান।
শনিবার ৪৯ বলে ৭টি চারের সাহায্যে সাব্বির ৫৩ রানের ইনিংস খেলেন। সাব্বির ছাড়া অধিনায়ক শুভাগত হোম চৌধুরী ফিফটির দেখা পেয়েছেন। তিনি ৬০ রান করেন।
বাংলাদেশের ক্রিকেটের ভয়ডরহীন ক্রিকেট খেলার যে কয়েকজন বিজ্ঞাপন আছেন। তাদের মধ্যে সাব্বির অন্যতম। গত বিশ্বকাপেও চমৎকার কিছু ইনিংস খেলেছিলেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট নিজেরই খেলা বলে মনে করেন সাব্বির।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩১ ও দ্বিতীয় ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ১৬ রান করেছিলেন তরুণ এই ব্যাটসম্যান।

উল্লেখ্য, সাব্বির রহমান ৮১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৯৩৩ রান। সর্বোচ্চ ১১২ এবং সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি ৯টি। এছাড়া বল হাতে ৪১টি উইকেট রয়েছে তার।

/আরআই/এফআইআর/