তাদের এই সাফল্যের পেছনে দলগত পারফরম্যান্সকেই দেখছেন নাসির হোসেন। শুক্রবার সকালে মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এখানে রহস্যের কিছু নেই। আমার মনে হয় আমরা দলগতভাবে ভালো খেলছি। আমাদের দলে কেউ ম্যাচ একা জেতাচ্ছে না। এটাই আমাদের দলের জন্য খুব ভালো দিক। আমাদের দলের টিম স্পিরিট খুব ভালো বলেই হয়তো ম্যাচ জিতেছি।’
চার ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। অবশ্য এর মধ্যে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তার। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৯৭ রান ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪৮ রানে অপরাজিত ছিলেন।
এছাড়া বল হাতে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন নাসির। নিজেকে ফিরে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এভাবেই খেলে যেতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে পারফরম্যান্স করে দলকে জেতাতে চাই। এটা করতে পারলেই ভালো হবে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচে আমি ব্যাটিং করতে পারিনি। চার ম্যাচের দুই ম্যাচে ব্যাটিং করেছি। এক ম্যাচে ৯৭ করেছি, আরেক ম্যাচে ৪৮ নটআউট। এগুলোতে অবশ্যই ভালো লাগছে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে। সবচেয়ে বড় কথা ভালো খেলার জন্য যা যা করা দরকার করছি, কঠোর পরিশ্রম করছি। আমার কোচিং স্টাফ আমাকে সাহায্য করছে।’
লিগে তরুণ খেলোয়াড়দের কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে অনূর্ধ্ব-১৯ দলের অনেক খেলোয়াড় আছে, এছাড়া অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা সবাই প্রিমিয়ার লিগে ভালো খেলছে। আগে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকতে হতো। এখন সেটা নেই। আমাদের স্থানীয় খেলোয়াড়রাই ম্যাচ জিতিয়ে দিচ্ছে। পাঁচ উইকেট নিচ্ছে, সেঞ্চুরি করছে।’
/আরআই/এফআইআর/