মুস্তা‌‌‌ফিজদের বোলিং তোপে মুম্বাইয়ের লজ্জাজনক হার

DS-25আশিষ নেহরা-মুস্তাফিজদের বোলিং তোপে নিজেদের মাঠে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন হায়দরাবাদ সানরাইজার্সের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মুম্বাই। ফলে ৮৫ রানের জয় তুলে নেয় সানরাইজার্স।



এদিন মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই মুম্বাইকে ধসিয়ে দেয় আশিষ নেহরা- বরিন্দ্রর স্রান-ভুবনেশ্বর কুমাররা। মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই মাত্র ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। দশম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম বলে তুলে নেন হার্দিক পান্ডের উইকেট।

পরের ওভার টিম সাউদিকেও ফেরান তিনি। নিজের তৃতীয় ওভারে ম্যাকক্লেনাঘানকে সাজঘরে ফিরিয়ে তৃতীয় উইকেট পকেটে পুরেন তিনি। ৩ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তিনটি উইকেট নিয়েছেন আশিষ নেহরা। দুটি উইকেট নিয়েছেন বরিন্দ্রর স্রান।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং শেখর ধাওয়ানের ৮৫ রানের জুটির সুবাদে বড় সংগ্রহ করার ভিত পায় সানরাইজার্স। হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে ডেভিড ওয়ার্নার আউট হলে কেন উইলিয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক।

তৃতীয় উইকেটে যুবরাজ সিং এবং শেখর ধাওয়ানের ৮৫ রানের জুটিই মূলত সানরাইজার্স হায়দারাবাদকে দেড়শোর কোটা পার করায়। যুবরাজ সিং শেষ ওভারে ৩৯ রান করে আউট হলেও অন্য প্রান্তে ৮২ রানে অপরাজিত থাকেন শেখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় সানরাইজার্স হায়দারাবাদ। মুম্বাইর হয়ে হরভজন সিং ২৯ রানে দুই উইকেট নেন।

১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মুম্বাই। মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই আশিষ নেহরা ও বরিন্দ্রর স্রানের বোলিং তোপে পড়ে ৩০ রান তুলতেই পাঁচ উইকেট হারায় মুম্বাই। একে একে ফিরে যান রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, ক্রুনাল পান্ডে ও জস বাটলার। এর মধ্যে তিনটি উইকেট শিকার করেন নেহরা। একটি করে নেন স্রান ও ভুবনেশ্বর কুমার।

এরপর ৫০ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে মুম্বাইয়ের। এরপর মুস্তাফিজে বোলিংয়ে এসে ৩ ওভারে ৩টি উইকেট নিয়ে মুম্বাইয়ের হার আরও ত্বরান্বিত করেন। শেষ পর্যন্ত ৯২ রানে অল-আউট হয় মুম্বাই। ৩ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

/এমআর/