ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই প্রসাদ

ধাম্মিকা প্রসাদ।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ। কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না তিনি। ১৯ মে হেডিংলিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
গত সপ্তাহে এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল করার সময় চোট পান প্রসাদ। সে সময় চোটটি ছোটখাট বলে জানানো হয়েছিল। তবে লঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন, চোটটি গুরুতর।
ফোর্ড বলেছেন, ‘চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবে না প্রসাদ। তবে আশা করছি, খুব দ্রুতই আমরা তাকে পাবো। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাকে মাঠে পাওয়া যেতে পারে।’
যদি দ্বিতীয় ও তৃতীয় টেস্টেও না ফেরেন প্রসাদ তাহলে লঙ্কানদের জন্য বিষয়টি শঙ্কারই। কারণ ২০১৪ সালে হেডিংলি টেস্টে তার বোলিংয়েই ধরাশায়ী হয়েছিল ইংল্যান্ড। ৫০ রান দিয়েই তুলে নিয়েছিলেন ৫ উইকেট।  

/এফআইআর/