ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবারের ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মূলত বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছে সাকিব আল হাসানদের। কোহলি ও ভিলিয়ার্সের সঙ্গে ছিলেন ক্রিস গেইলও। এমন হারের ব্যাখ্যায় সাকিব দায়ী করলেন নিজেদেরই! ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘ওদের যে মান ছিল সে তুলনায় আমরা বিশেষ কিছু করতে পারিনি। আমরা সবকিছু দিয়েই চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমরা সব ব্যাটসম্যানকে নিয়েই পরিকল্পনা করে মাঠে নামি। কিন্তু সব সময় পরিকল্পনা কাজে আসে না এটাই স্বাভাবিক। সব সময় যদি পরিকল্পনা কাজ করত তাহলে কোনও ব্যাটসম্যানই রান পেত না। বোলাররা সব সময় রান প্রতিরোধের চেষ্টা করে। ফিল্ডাররাও একই চেষ্টায় থাকে। কিন্তু ব্যাটসম্যানরা কোনও না কোনোও পথ ঠিকই বের করে নেন।’
বেঙ্গালুরুর কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় পরিবর্তন হয়নি কলকাতার। দুইয়ে রয়েছে তারা। লিগে আরও দুটি ম্যাচ খেলবে কেকেআর। শেষ দুটি ম্যাচের যেকোনও একটি জিততে পারলে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকতে পারবে সাকিবদের দল।
এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন,‘শীর্ষ দুইয়ে থাকতে পারলে অনেক সুবিধা পাওয়া যায়। তৃতীয় কিংবা চতুর্থ হলে ফাইনাল খেলা অনেক কঠিন হয়ে যায়। এ মুহূর্তে প্রতিটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। এই পরাজয় হয়ত আমাদের কিছুটা ক্ষতি করেছে। তবে এটাও সত্য আমাদের ফিরে আসার সামর্থ্য রয়েছে।’
উল্লেখ্য, বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কলকাতার বোলাররা। সাকিব আল হাসান ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান। সুনিল নারাইন ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন একটি উইকেটটি । মর্কেল ২ ওভারে ২০ ও আন্দ্রে রাসেল ২.৩ ওভারে দিয়েছেন ৩২ রান।
/এফআইআর/