‘ফতুল্লা ঝড়ের’ পুরস্কার পেলেন মাশরাফি

‘ফতুল্লা ঝড়ের’ পুরস্কার পেলেন মাশরাফি।গত শনিবার ফতুল্লায় মাশরাফি ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শেখ জামালের বোলিং লাইনআপ। মাশরাফি বিন মুর্তজা মাত্র ৫১ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস  খেলেছেন। ছয় নম্বরে নেমে ৩৫ বলে ফিফটি তুলে নেন। পরের ১৫ বলেই ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক!
ঝড়ো এই ইনিংসের জন্য মাশরাফিকে ২৫ হাজার টাকা বোনাস হিসেবে দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব। মঙ্গলবার অনুশীলন শেষে কলাবাগান ক্রীড়া চক্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরাফির হাতে বোনাস ২৫ হাজার টাকা তুলে দেন। ওই কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করেছেন।
সেদিন এক সেঞ্চুরি দিয়ে ঘরোয়া ক্রিকেটে অনেক রেকর্ডই গড়েছিলেন মাশরাফি। মাশরাফির ৫০ বলে করা সেঞ্চুরিটি বাংলাদেশের লিস্ট ‘এ ক্রিকেটে দ্রুততম। ঝড় বইয়ে দেওয়া ইনিংসটিতে ১১টি ছয় হাঁকান মাশরাফি। লিস্ট ‘এ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড। গত বছর প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলার পথে কলাবাগান ক্রিকেট একাডেমির এনামুল হক মেরেছিলেন ১০টি ছয়। আগের বছর ১০টি ছয় মারার রেকর্ড গড়েছিলেন মোহামেডানের এজাজ আহমেদ।

সেঞ্চুরির দিন ব্যক্তিগত ৭৯ রান থেকে ওয়াহিদুল আলমকে টানা তিনটি ছক্কা হাঁকান মাশরাফি। পরের বলে একটি সিঙ্গেল নেওয়ার পর ওয়াহিদুলের শেষ বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেন সেঞ্চুরি।

 /আরআই/এফআইআর/