সাকিবদের হারিয়ে শেষ চারে গুজরাট

243191.3কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল-এর শেষ চারে ওঠা নিশ্চিত করেছে গুজরাট লায়ন্স। এ হারে শঙ্কায় পড়ে গেল কলকাতার প্লে-অফ খেলা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি জিততেই হবে সাকিবদের। শুধু জিতলেই হবে না, প্লে-অফে খেলতে অন্য দলগুলোর হার-জিতের হিসেব-নিকেশও রয়েছে।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে গুজরাটের বোলারদের দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

শুরুটা ভালই করেছিল কলকাতা। প্রথম তিন ওভারে ২৩ রান নিলেও তারপরেই শুরু ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে ৮ রানেই রান-আউট হয়ে ফিরে যান গম্ভীর। তারপরের পুরো সময়টা জুড়েই ছিল ডুয়াইন স্মিথের বোলিং কারিশমা। একে একে উত্থাপা, পান্ডে, চাওলা এবং সাকিবকে তুলে নেন তিনি। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা কলকাতা খাদের কিনারা থেকে তোলার চেষ্টা করেন ইউসুফ পাঠান।

৩৬ রান করে কুলকার্নির শিকার হলে আর বেশিদূর আগাতে পারেনি কলকাতা। শেষের দিকে যাদব ১৭ এবং হোল্ডার ১৩ রান করলে ১২৪ রানেই থামতে হয় কলকাতাকে। স্মিথ ৪ ওভার বল করে ৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন ডুয়াইন স্মিথ। এরপরে ফিরে যান ম্যাকালামও। দলীয় ৯৭ রানের মাথায় রান-আউট হন ফিঞ্চ। বাকি পথটুকু সহজে পাড়ি দেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। ৩৬ বলে ৫৩ রান করেন রায়না।

/এমআর/