অসিদের কোচ হতে আবেদন করিনি: গিলেস্পি

অস্ট্রেলিয়ার বোলিং কোচ হতে যাচ্ছেন জ্যাসন গিলেস্পি-এমন সংবাদই বেশ কয়েকদিন ধরে প্রকাশিত হয়ে আসছিল। তবে এমন খবরকে উড়িয়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার।তিনি বলেছেন, ‘স্পষ্ট করেই বলতে চাই, আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কোনও কথা বলিনি।’
এমন গুজব ছড়ানোর পেছনের কারণটাও ব্যাখ্যা করেন সাবেক এই তারকা। বলেন, ‘ড্যারেন লেম্যান সম্প্রতি এক সাক্ষাৎকারে কোচিং স্টাফদের সঙ্গে আমার সম্পৃক্ততার কথা বলেছিল। আমার মনে হয় সেটাকেই বাড়িয়ে বলা হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কোনও কিছুতেই আবেদন করিনি; আর ইচ্ছাও নেই। বর্তমানে আমি ইয়র্কশায়ার ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থেকেই সন্তুষ্ট।’ 
মূলত ক্রেইগ ডারমটের সরে দাঁড়ানোর পর থেকেই অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদটি শূন্য আছ। তবে অ্যাডাম গ্রিফিথ ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ড আসন্ন সফরগুলোতে অসিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এফআইআর/