টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

Bangladesh-vs-New-Zealandচলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেট (এনসি) তথ্যটি নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফি বিন মুর্তজা-মুশিফকুর রহিমরা।

ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, নেপিয়ার, নেলসন, ওয়েলিংটন ও মাউন্ট মাউনগানুই; এই পাঁচ ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসেম্বরের ২৬ তারিখে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩১ তারিখ নেলসনে অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টির প্রথমটি জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে গড়াবে। ৬ ও ৮ তারিখে মাউন্ট মাউনগানুইতে হবে আর দুটি ম্যাচ।

দুটি টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। এটি শুরু হবে ১২ জানুয়ারিতে। শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে, ২০ জানুয়ারিতে।

নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাদের বার্ষিক সূচি প্রকাশ করে ওই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। সেখানেই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি উল্লেখ করা হয়। ওই তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজের কথাও বলা হয়।

/এমআর/