সোমবার সাভারের বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিং নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। তারা দুজন ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন।
গাজী শিবিরে প্রথম আঘাত হানেন ইফতেখার সাজ্জাদ। ব্যক্তিগত ৪৬ রানে সাজ্জাদের বলে নাবিল আহমেদের হাতে ক্যাচ তুলেন এনামুল হক। এরপরই পথ হারায় গাজী ক্রিকেটার্স। সাজ্জাদ ও তুষার ইমরানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ৩৫.২ ওভারে মাত্র ১৬৭ রানে অল আউট হন গাজী ক্রিকেটার্স। সর্বোচ্চ ৪৬ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া ফারুক ২৯, শুভ ২৮ ও শহীদ ২৬ রান করে আউট হন।
ব্রাদার্সের বোলারদের মধ্যে তুষার ইমরান সর্বোচ্চ ৪টি এবং সাজ্জাদ ৩টি উইকেট নেন।
১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মেহেদী হাসান রানার বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। এক প্রান্তে ইমরুল কায়েস লড়াই করলেও যোগ্য সঙ্গীর অভাবে ৪০.১ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। এছাড়া জাকির হোসেন ১৯ রানের ইনিংস খেলেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে ১৬ রান দিয়ে ৪টি উইকেট পান মেহেদী হাসান রানা। এছাড়া গুরকিরাত সিং ও অলক কাপালী ২টি করে উইকেট নেন।
উল্লেখ্য এই ম্যাচ হেরে সুপার সিক্সে ওঠার পথটা কঠিন করে তুললো ব্রাদার্স। অপর দিকে নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই জমিয়ে দিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
/আরআই/এমআর/