ঈদে কিছুই কেনেননি মুস্তাফিজ!

এবার সাতক্ষীরায় ঈদ করবেন কাটারবয় মুস্তাফিজুর রহমান। শনিবার না গেলেও রবিবার সাতক্ষীরায় পৌঁছে যাবেন বলে জানিয়েছেন তিনি। মা-বাবার সান্নিধ্যে ঈদ করবেন বলে এবার দারুণ খুশি তরুণ এই ক্রিকেটার। তবে ঈদ নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা করেননি তিনি। সারাদিন বাসায় কাটাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
ঈদ উপলক্ষে নিজের জন্য কিছু কিনেননি বলে জানান বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই পেসার। তবে আত্মীয়-স্বজন; বন্ধু-বান্ধবদের পছন্দমতো কিছু কেনার জন্য টাকা দিয়েছেন মুস্তাফিজ।
এ প্রসঙ্গে শুক্রবার মিরপুরের একাডেমিতে মুস্তাফিজ বলেন, ‘আমার নিজের কোনও পছন্দ নেই। যাদেরকে উপহার দিতে হয় সবাইকে টাকা দিয়েছি। নিজেদের পছন্দ মতো কিনে নেবে। নিজের জন্য কিছু কিনিনি।’
মুস্তাফিজকে সব সময় বাড়ি খুব টানে। গত বছর ঈদের ছুটি চট্টগ্রামে কাটাতে হয়েছে দলের স্বার্থে। এবার মা-বাবার সঙ্গে থাকতে পেরে তাইতো ভীষণ খুশি মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ঈদে চট্টগ্রাম ছিলাম। খুব কষ্টে কেটেছে। এবার ঈদে বাড়িতে যাবো। বাবা-মা, ভাইদের সবাইকে পাবো। ভালো লাগারই কথা।’

ঈদের পরিকল্পনা নিয়ে মুস্তাফিজ আরও বলেন, ‘বাড়িতেই থাকবো। তবে বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।’

/আরআই/এফআইআর/