গেইলের সেঞ্চুরিতে সাকিবদের কাছে নাইটদের হার

246679.3ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে গেইলের ৫৪ বলে ১০৮ রানের ইনিংসে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নিল সাকিবের জ্যামাইকা।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন গেইল। ৩০ বলেই নিজের হাফসেঞ্চুরি তুলে নেন গেইল। কিন্তু পরের ৫০ রান করতে গেইল খেলেন মাত্র ১৯ বল! ১১ ছক্কা এবং ৬টি চারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৮তম এবং সিপিএলে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন গেইল। গেইলই একমাত্র ব্যাটসম্যান যার টি-টোয়েন্টিতে এতগুলো সেঞ্চুরি রয়েছে।

মাঝে গেইলকে ইনিংস বড় করতে যোগ্য সহযোগিতা করেন সাঙ্গাকারা (২০) এবং আন্দ্রে রাসেল (২৪)। ইনিংস শেষে ১০৮ রানে অপরাজিত থাকেন গেইল। জ্যামাইকার হয়ে এদিন ব্যাট করার সুযোগ পাননি সাকিব আল হাসান।

এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে তেমন সুবিধা করতে পারেনি জ্যামাইকা। বল হাতে এদিন অনুজ্জল ছিলেন সাকিব। ২ ওভার বল করে ২৬ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন এই অলরাউন্ডার। আমলার ৭৪ এবং মুনরোর ৫৫ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ট্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু গেইল ঝড়ের কাছে সেই বিশাল সংগ্রহ ক্ষুদ্র হয়ে দাঁড়ায় জ্যামাইকার সামনে।

/এমআর/