ব্যাটের পরিধি কমানোর পক্ষে এমসিসি

prv_6cfe4_1468348583টি-টোয়েন্টির যুগে ব্যাটসম্যানদের তোপের মুখে নাকাল অবস্থা বোলারদের। বোলারাদের বোলিং করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকলে ব্যাটসম্যানদের ব্যাটের গঠনের বিষয়ে নেই নির্দিষ্ট কোনও নির্দেশনা। তবে এবার সে ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাটের মাপে রাশ টানতে চলেছে বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয় ব্যাটের দুই ধার ও তার মাঝের অংশ কতটা পুরু হবে, তার সীমা নির্ধারণের সুপারিশ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যাটের দুই ধার ৫৫ মিলিমিটার পর্যন্ত মোটা হয়। এমনকী ব্যাটের মাঝখানের অংশ ৮০ মিলিমিটার পর্যন্ত পুরু হয়। যা দিয়ে ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্সরা রীতিমতো ধ্বংসলীলা চালান।

ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য আনতে কমিটির সুপারিশে ব্যাটের দুই ধার ৩৫ থেকে ৪০ মিলিমিটারের বেশি হওয়া চলবে না। আর মাঝের অংশ ৬০ থেকে ৬৫ মিলিমিটারের বেশি হবে না। এই সুপারিশ এমসিসি’র প্রধান কমিটি অনুমোদন করলে তা যাবে আইসিসি’র ক্রিকেট কমিটিতে।

এই কমিটিতে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি , সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, সাবেক পাকিস্তান অধিনায়ক রামিজ রাজা, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনরা। কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক আরেক অধিনায়ক মাইক ব্রিয়ারলি।

সাধারণত এমসিসি’র সুপারিশ অগ্রাহ্য করে না আইসিসি। এখন দেখার বিষয় এই সুপারিশ তারা মেনে নেয় কিনা। তবে আইসিসি এই সুপারিশ মেনে নিলেও আগামী বছর অক্টোবরের আগে এই নতুন নিয়ম চালু হবে না আন্তর্জাতিক ক্রিকেটে।

/এমআর/