মাশরাফির আশা ইংল্যান্ড আসবে

মাশরাফিআগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। কিন্তু গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন ইংলিশ ক্রিকেটাররা। ফলে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে কিছ‌‌‌ুটা সংশয় তৈরি হয়েছে।

তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আশা ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে। বুধবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মাশরাফি। ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে-এমনটাই বিশ্বাস তার। শুধু তাই নয়, ইংলিশদের বিপক্ষে সিরিজটি দুর্দান্ত হবে বলে আশা করছেন মাশরাফি।

তিনি বলেন, ‘বাংলাদেশের সবাই ক্রিকেট ফলো করে। অন্য দেশের ক্রিকেটাররা আসলে দেশের মানুষ সবাইকে সম্মান দেয়। ইংল্যান্ডকে আগেও যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছে। এখনও দেয়া হবে। ক্রিকেট সংস্কৃতিটা ধরে রাখতে, আশা করি তারা আসবে। আশা করি একটা জমজমাট সিরিজ হবে।’

ইংল্যান্ড তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এমনকি নিরপেক্ষ ভেন্যুর কথাও বলেছে। ট্যুরটা না হলে, এ বছর আর বাংলাদেশের টেস্ট খেলা হবে না। বছর শেষে হয়তো কয়েকটা ওয়ানডে খেলা হবে। বাংলাদেশের জন্য এটা কত বড় ক্ষতি এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘টেকনিক্যালি ভেতরে কী আলোচনা হচ্ছে, তা আমরা জানি না। আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপারটি নিয়ে কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি ট্যুরটা হবে। বাংলাদেশের সমর্থকরা অনেক দিন ধরেই খেলা দেখার জন্য অপেক্ষা করছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড সব সময় বাংলাদেশকে হেল্প করেছে। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছে (তখনও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিলো)। আগেও তারা বাংলাদেশকে হেল্প করেছে। ব্যক্তিগতভাবে মনে করছি তারা আসবে।’

ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রতি কিছু বলার আছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘ওরা তো নিরাপত্তা পাবে। অন্যান্য দলকে যেমন নিরাপত্তা দেওয়া হয় সেটা তারা পাবে। আর আমি যেটা বললাম এখানে সবাই ক্রিকেট পছন্দ করে। বাংলাদেশের মানুষ জানে কিভাবে ক্রিকেটারদের সম্মান করতে হয়। আমার মনে হয় না কোনও সমস্যা হবে।’

/আরআই/এমআর/