শেষ হলো বোলারদের ফুটেজ সংগ্রহের কাজ

শেষ হলো বোলারদের ফুটেজ সংগ্রহের কাজমিরপুর ইনডোরে শেষ হলো বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ফুটেজ সংগ্রহের কার্যক্রম। গত বুধবার নাঈম ইসলাম জুনিয়র ও আমিত কুমার নয়নের বোলিং অ্যাকশন পরীক্ষার মাধ্যমে শুরু হয় রিভিউ কমিটির কাজ। অ্যাকশনে ত্রুটি থাকলে দ্বিতীয় ধাপে বোলারদের অ্যাকশন শুদ্ধিকরণের কাজ করবে এই রিভিউ কমিটি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১১ জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এদের মধ্যে ১০ জন এই পরীক্ষায় অংশ নেন। বুধবার বোলারদের প্রাথমিকভাবে এ ফুটেজ সংগ্রহ শেষ হওয়ার পর রিভিউ কমিটি সিলিকন সফটওয়্যারের সহায়তায় তাদের বোলিং অ্যাকশন মূল্যায়ন করবে।

এ প্রসঙ্গে রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দশ জনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এদের ভিডিওগুলো পর্যালোচনা করা হবে। আমাদের যারা টেকনিক্যাল লোকজন আছেন তারা ফুটেজগুলো পর্যবেক্ষণ করবে। এরপর ফুটেজগুলো দেখে আমরা নিশ্চিত হতে পারবো কার কোথায় সমস্যা রয়েছে।’

তিনদিনে খালি চোখে বোলারদের কোনও ত্রুটি চোখে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খালি চোখে দেখে বলা মুশকিল। তারপরও খালি চোখে দেখে আমাদের কমিটির কয়েক জনের মনে হয়েছে অনেকেরই ত্রুটি নেই। অবশ্য ফুটেজ দেখার পর খালি চোখে দেখার বিষয়টি পরবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখনই আসলে মন্তব্য করা উচিত হবে না। আমরা আগে ফুটেজগুলো নিয়ে সামনের কয়েকদিন কাজ করবো। এরপর যাদের সমস্যা পাবো না তাদের আমরা জানিয়ে দেবো। এরা পরের বছর ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। আর যাদের সমস্যা থাকবে তাদের নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো।’

/আরআই/এফআইআর/