মুরালির বিরুদ্ধে অভিযোগ করলো লঙ্কান ক্রিকেট বোর্ড

মুত্তিয়া মুরালিধরনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি)। মুরালির বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়া দলের অনুশীলন মাঠ ব্যবহার করা নিয়ে শ্রীলঙ্কা দলের বর্তমান ম্যানেজার চারিথ সেনানায়েকের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন মুরালি। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগও করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে লঙ্কান বোর্ড সভাপতি সুমাথিপালা সাংবাদিকদের বলেন, ‘মুরালির আচরণ অগ্রহণযোগ্য এবং বিষয়টি আমরা অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের নজরে এনেছি।’

বর্তমানে অসিদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে থাকা মুরালি এ প্রসঙ্গে বলেন, ‘চারিথ আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বলেছে আমি নাকি অস্ট্রেলিয়ার স্পিনারদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে ঘাস কেটেছি। কিন্তু এটা মিথ্যা। আমি তার সঙ্গে দেখা হওয়ার পরই এনিয়ে প্রশ্ন করেছিলাম। আমরা একসঙ্গে একসময় খেলেছি। পরস্পরকে শ্রদ্ধা করা উচিত।’

/এফআইআর/