কাউন্টি মিশন শেষ মুস্তাফিজের

কাউন্টি মিশন শেষ মুস্তাফিজেরইনজুরি নিয়ে বিস্তারিত আসতে সময় এখনও বাকি। তার আগেই সাসেক্স জানিয়েছে দিয়েছে আপাতত কাউন্টি মিশন শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের! নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে দুর্ভাগ্যবশত ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলছেন না বাংলাদেশের তারকা এই পেসার।   

তারা জানিয়েছে, কাঁধের ইনজুরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশেই পুনরায় এই সপ্তাহে স্ক্যান করানো হবে মুস্তাফিজের। এরপরেই তার চোটের বিস্তারিত জানা যাবে।

মুস্তাফিজ ইনজুরিতে থাকলেও তার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছে সাসেক্স।

উল্লেখ্য, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোনও সুসংবাদ নেই আপাতত। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, বর্তমানে পাওয়া এমআরআই রিপোর্ট অনুযায়ী কাটার মাস্টারের অবস্থাটা এখনও পরিষ্কার নয়। এ কারণে পুনরায় মুস্তাফিজের এমআরআই করানো হবে।

২-৩ দিন পর ওই রিপোর্ট দেখে মুস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

/এফআইআর/