ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলতে চাচ্ছে না জিম্বাবুয়ে। বিশেষ করে আর্থিক বিষয়টির কথা মাথায় রেখে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার পরিকল্পনা করেছে জিম্বাবুয়ে।
সেটি হলে আরও ১১ মাস টেস্ট ক্রিকেট থেকে বাইরেই থাকতে হবে জিম্বাবুয়েকে। যেখানে সূচি অনুযায়ী ২০১৭ সালে শ্রীলঙ্কায় টেস্ট খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। ইতোমধ্যেই ২০ মাস ধরে টেস্ট ক্রিকেটের বাইরে ছিল জিম্বাবুয়ে। সর্বশেষ তারা বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে এবং চলমান সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে।
শুধু ঋণের মাত্রা বেড়ে যাওয়া নয়, সার্বিকভাবে দেশীয় অর্থনীতির অবস্থা ভালো না হওয়াতে ঘরের মাঠে টেস্ট খেলতে চাইছে না দেশটি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের স্পন্সরশিপ পেতেও বেগ পেতে হচ্ছে। মূলত ঘরের মাঠে ভারত বা ইংল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে সিরিজ খেললেই লাভের মুখ দেখে দেশটির ক্রিকেট বোর্ড!
/এফআইআর/