আল আমিনের আক্ষেপ আন্তর্জাতিক ম্যাচ

আল আমিন হোসেনভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দল পুরোপুরি বসে আছে। গত দুই সপ্তাহ ধরে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ড না আসলে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।

অথচ ক্রিকেট খেলুড়ে অন্যদেশগুলো একের পর এক দ্বি-পাক্ষিক সিরিজ খেলে যাচ্ছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশই। জাতীয় দলের পেসার আল আমিনের আক্ষেপ এখানেই।

মঙ্গলবার ফিটনেস ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঝিনাইদহ থেকে উঠে আসা আল আমিন হোসেন। এই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘আমাদের বড় দুঃখ গত বিশ্বকাপের পর আমাদের কোনও খেলা নেই। অন্য সব দল খেলছে। পেস বোলার বলেন কিংবা বাংলাদেশ দলের পারফরম্যান্স বলেন, গত ছয় সাত মাস ধরে খেলা না থাকায় আমি সন্দিহান আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম সেভাবে থাকবো কিনা।’

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড টেস্ট দেখে নিজেদের দুর্ভাগা মনে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, জিম্বাবুয়ে প্রথম টেস্টে ৮ উইকেটে ৭২ রান করেছিল এরপর মনে হয় ১৬২ না ১৭২ করেছে। আমাদের থেকে ওরা অনেক নিচে চলে গেছে, আমরা এখন বলে ওদের হারাতে পারি। সে হিসেবে বিশ্বকাপ, এশিয়া কাপ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এত ভালো খেলার পরও মাঝে এত বড় বিরতি হয়ে যাচ্ছে। কোনও খেলা পাচ্ছি না। এটা আসলেই মেনে নেওয়া কঠিন।’

/আরআই/এফআইআর/