টেস্ট ম্যাচ জিততে হলে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ: নাফিস

শাহরিয়ার নাফিস২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ৯৩টি। গত ১৭ বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য বলতে তেমন কিছুই নেই। ৯৩ টেস্টে মাত্র ৭টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। অবশ্য গত বছর খানেক ধরে বাংলাদেশ টেস্টেও উন্নতির ছাপ রেখেছে। টেস্ট ক্রিকেট জিততে গেলে ফিল্ডিংয়ের উন্নতি জরুরি বলে মনে করেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

বুধার ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের তার শিষ্যদের অনুশীলন করান। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শাহরিয়ার নাফিস।

এ সময় তিনি বলেন, ‘আমরা ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটের যেভাবে ফিল্ডিং করি, সেভাবে টেস্ট ক্রিকেটে করি না। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে পাকিস্তান যদি আরও ভালো ফিল্ডিং করত, ক্যাচ ড্রপ কম করত; তাহলে তারা সিরিজ জিততেও পারতো। টি-টোয়েন্টিতে ২০ ওভার ফিল্ডিং করতে হয় অনেক চাপ নিয়ে। ওয়ানডেতে ৫০ ওভার করতে হয়। কিন্তু টেস্টে যদি জিততে চান পাঁচ দিনের আড়াই দিন যদি ফিল্ডিং করেন ওই আড়াই দিনই ভালো ফিল্ডিং করতে হবে। টেস্ট ম্যাচ জিততে হলে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।’unnamed

সম্প্রতি সময়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দারুণ পারফরম্যান্স করে চলছে। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলছে লাল-সবুজরা। নাফিস মনে করেন এখন লক্ষ্য হওয়া উচিত টেস্ট ক্রিকেটে উন্নতি।

তিনি বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য টেস্টে নিজেদের আধিপত্য বিস্তার করা। আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে একটি পজিশন করে নিয়েছি। টেস্ট ক্রিকেটে আমাদের পারফরম্যান্স কিন্তু অতটা সামঞ্জস্যপূর্ণ না ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির তুলনায়। আমরা যদি টেস্ট জিততে চাই ভালো ফিল্ডিং করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে এমনকি ভালো বোলিংও করতে হবে। পাঁচ দিন ফিট থাকতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’

/আরআই/এমআর/