কালপাগেকে ছাঁটাই করেছে বিসিবি

অবশেষে টাইগারদের শ্রীলঙ্কান সহকারী কোচ রুয়ান কালপাগেকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির দেওয়া ই-মেইলের কোনও উত্তর দেননি কালপাগে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তাকে ১৬ আগস্টের মধ্যে ফেরার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু সে কোনও উত্তর দেয়নি। তাই তার সঙ্গে আর চুক্তি রাখছে না বিসিবি।’

এরআগে ১৭ আগস্ট বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছিলেন, কালপাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেবে বিসিবি।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সহকারী কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন কালপাগে। বাকি কোচিং স্টাফদের মতো তার সঙ্গে চুক্তি ২০১৯ সাল পর্যন্ত বাড়িয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত নিরাপত্তার অজুহাত দেখিয়ে কাজে আর ফিরলেন না শ্রীলঙ্কান এই কোচ।

/এফআইআর/