রিয়াদের আশা ‘ইংল্যান্ড আসবে’

বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ সফর করে যাওয়া তিন নিরাপত্তা প্রতিনিধি। এরপরই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। তবে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন ইংল্যান্ড বাংলাদেশ সফর করবে। বুধবার লাল-সবুজের অধিনায়ক মাশরাফিও এমনটাই বলেছিলেন।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লাল দল-সবুজ দল ভাগ হয়ে ম্যাচ খেলেছেন মাশরাফি-নাসিররা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি ইংল্যান্ডের সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই ইস্যুটা এখন গ্লোবাল ক্রাইসিস। বোর্ড থেকে এটা নিয়ে ভালো বলতে পারবে। তবে আমরা আশাবাদী ইংল্যান্ড আসবে এবং আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে পারবো।’

মাঠের বাইরের এমন ঘটনায় প্রস্তুতিতে প্রভাব পড়ছে না বলে মনে করেন রিয়াদ। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমার আশা করছি তারা আসবে। আমাদের ফোকাসটা প্রস্তুতির দিকেই। আমরা আমাদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি, প্রস্তুতি নিতে পারি। সেটা নিয়েই আমরা চিন্তা করছি। এর বাইরের কিছু নিয়ে চিন্তা করছি না।’

/আরআই/এফআইআর/