সফল আয়োজনে দেশের ভাবমূর্তি পুনরূদ্ধার করবে বিসিবি

বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় আশ্বস্ত হয়েই বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যথাযথ সময়ে নির্ধারিত সিরিজ খেলার কথা জানিয়েছে। যদিও আগামী দিনগুলোতে বাংলাদেশের সবকিছু পর্যবেক্ষণে রাখবে তারা। তাদের এমন খবরের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে ঈদের আনন্দ বিরাজ করছে!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন। তিনি সেখানে বাংলাদেশের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজকে সফলতার সঙ্গে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, এই সিরিজি সফলভাবে আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটাই সবচেয়ে বড় গর্বের জায়গাতে আছে। আরও অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে ক্রিকেটটাই বেশি আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের ভাবমূর্তি আগের জায়গায় নিয়ে যেতে কিংবা আরও উন্নতি করতে; এই সিরিজটি ঠিকমতো আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সফল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়ে দেওয়া সম্ভব হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকেই  নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল ইংল্যান্ড।

/আরআই/এফআইআর/