বিসিবি সূত্রে জানা গেল, টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তবে বিষয়টি নিশ্চিত নয়। কারণ বিসিবির নির্বাচকমণ্ডলির একজনের ই্ঙ্গিতটা পাকিস্তানের সাবেক কোচ আকিব জাবেদের দিকেই। যদিও আকিব জাবেদ নিজেই এর আগে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সে হিসেবে ধারণা করা হচ্ছে, ডোনাল্ডই হতে যাচ্ছেন মাশরাফিদের নতুন কোচ।
ডোনাল্ডের সঙ্গে বিসিবির পছন্দের সংক্ষিপ্ত তালিকায় ছিল কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোশের নামও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও বিষয়টি চূড়ান্ত করেনি। রবিবার রাত ৯টায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই তার গুলশানের বাসায় পেস বোলিং কোচের বিষয়টি চূড়ান্ত করবেন।
তবে সব বিভ্রান্তির অবসান ঘটতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিসিবিই সভাপতি রাতে টাইগারদের নতুন বোলিং কোচের বিষয়টি চূড়ান্ত করবেন।
উল্লেখ্য, অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে সংগ্রহ করেন ৩৩০ উইকেট। আর ১৬৪ ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেন ২৭২ উইকেট। ডোনাল্ড ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের দেশের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মেন্টরও ছিলেন এ ডান-হাতি বোলার। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
/আরআই/এমআর/