দারুণ কিছু করার সম্ভাবনা দেখেই বাংলাদেশে এসেছি: ওয়ালশ

কোর্টনি ওয়ালশ

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন সাবেক ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। গতকাল ঢাকায় আসার পর আজ রবিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে যান তিনি। সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে কোর্টনি ওয়ালশ জানিয়েছেন, দারুণ কিছু করার সুযোগ আছে দেখেই বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে দারুণ কিছু করার সুযোগ আছে। এ কারণেই মূলত এখানে আসা।’

বাংলাদেশকে প্রতিভাধর হিসেবে অ্যাখ্যা দিয়ে এই কোচ আরও বলেছেন, ‘বাংলাদেশে অমিত সম্ভাবনাময় প্রতিভা আছে। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমার মূল কাজ হবে বোলারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নিয়ে আসা।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ১৭ বছর বিশ্বজুড়ে ক্রিকেট খেলেছি। শুধু ওয়েস্ট ইন্ডিজেই খেলিনি। সুতরাং এখানে থাকতে আমার সমস্যা হবে না। তবে যে চ্যালেঞ্জ আসবে, আমি তা নিতে চাই। বাংলাদেশে আমার পক্ষে যা কিছু সম্ভব আমি করবো।’

 /আরআই/এফআইআর/