টেস্ট খেলতে প্রস্তুত আফগানিস্তান

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ক্রিকেটে উন্নতিটা চোখে পড়ার মতো। বিভিন্ন সময়ই ব্যক্তিগত এমনকি দলীয় নৈপুণ্য দেখিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা। অবশেষে নিজেদের উন্নতির ধারাবাহিকতার বিষয়টি তুলে ধরে টেস্ট খেলার দাবি জানালো আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি'র প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই জানালেন আফগানিস্তান টেস্ট খেলতে পুরোপুরি প্রস্তুত। সে কারণেই কিনা দ্বিস্তর টেস্টের পক্ষে অবস্থান নিয়েছে আফগানিস্তান। কারণ এটি চালু হলে টেস্ট খেলার সুযোগ থাকবে আফগানিস্তানের সামনেও।

সহযোগী দেশগুলোকে নিয়ে আয়োজিত আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে ১৯ ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছে আফগানিস্তান। একটিতে হার। চারদিনের ওই খেলা দারুণ পারফরম্যান্সকে সামনে টেনে আনলেন স্ট্যানিকজাই। তিনি বলেন, ‘আমরা টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সেটার প্রমাণও আমরা দিয়েছি। ইন্টারকন্টিনেন্টাল অঙ্গনে প্রবেশের পর আমরা কেবল একবারই হেরেছি। সেটি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে (২০১৩)। যেখানে আয়ারল্যান্ড আমাদের হারায়।চার দিনের ম্যাচে ওটাই কিন্তু আমাদের একমাত্র হার।’

চলমান (২০১৫-১৭) ইন্টারকন্টিনেন্টাল কাপের চার রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আফগানিস্তান (শীর্ষে আয়ারল্যান্ড)। চার ম্যাচের ৩টিতে জিতেছে আফগান। এছাড়া ওই টুর্নামেন্টে দারুণ কিছু পারফরম্যান্স আছে আফগানদের। ২০১০ সালে কানাডার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪৯৪ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তান! যেটি কিনা প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে নবম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেবারের ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম শিরোপাও জিতেছিল তারা।

স্ট্যানিকজাই বলেন,  'প্রতিটা ফরম্যাটের জন্য আমাদের ভিন্ন দল আছে। আমাদের টি-টোয়েন্টি, ওয়ানডে এমনকি চারদিনের ম্যাচ খেলার মতো স্পেশালিস্টও আছে। আফগানিস্তান টেস্ট খেলার জন্য প্রস্তুত। আইসিসিতে দ্বিস্তর টেস্টের প্রস্তাব পাস হওয়ার অপেক্ষায় আছি আমরা।’

/এমআর/