মুস্তাফিজকে বাংলায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন ওয়ার্নার

মুস্তাফিজমঙ্গলবার ২২ বছরে পা দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার এই জন্মদিনে আহামরি আয়োজন না থাকলেও দিনটা ঠিকই স্মৃতির পাতায় রাখতে চাইবেন বাঁহাতি পেসার। কারণ, তার জন্মদিনে বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন আইপিএল-এ তার দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার।  শুভেচ্ছা ইংরেজিতে লেখা থাকলেও প্রচেষ্টা ছিল বাংলায় বোঝানোর। টুইটারে মুস্তাফিজকে উদ্দেশ্য করে ওয়ার্নার লিখেছেন, ‘শুভজন্মদিন মুস্তাফিজ।’

শুধু ওয়ার্নারই নন, আইসিসিও দিনটাকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছে মুস্তাফিজকে। টুইটারে আইসিসি লিখেছে, ‘ক্রিকেটের অন্যতম তরুণ প্রতিভা তিনি- শুভজন্মদিন বাংলাদেশি বোলার মুস্তাফিজ।’
মুস্তাফিজকে ঘিরে ওয়ার্নারের বাংলায় টুইট করার অভ্যাস এটাই প্রথম নয়। এরআগেও আইপিএল-এ বাংলা শেখার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওয়ার্নার। সেসময় টুইটও করেছিলেন তিনি।    
উল্লেখ্য, ২০১৫ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৯টি ওয়ানডে খেলে পেয়েছেন ২৬ উইকেট। ১৮ জুন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তুলে নেন ৫ উইকেট। অভিষেক ওয়ানডে সিরিজে তার প্রাপ্ত উইকেট ১৩টি। ৫০ ওভারের অভিষেক ম্যাচে বাংলাদেশি দ্বিতীয় বোলার হিসেবে তাসকিনের পর ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম দুই ম্যাচেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন!

অন্য দিকে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা টি-টোয়েন্টিতেও সাফল্য কম নয় তার। আন্তর্জাতিক ৭টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১০টি। গত বিপিএল-এ ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এছাড়া ২০১৬ সালে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ন; হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন তিনি। আর সর্বশেষ আইসিসি ঘোষিত ২০১৫ সালে বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন মুস্তাফিজ।

/এফআইআর/