নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী বিসিবি

গুলশান ও শোলাকিয়া সন্ত্রাসী আক্রমণের পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছিল। গত মাসে রুটিন ওয়ার্ক হিসেবে ইসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসেছিলেন।  তাদের রিপোর্টের ওপর ঝুলে ছিল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। যদিও তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে যথাসময়ে বাংলাদেশ সফর হবে বলে জানায়।  সঙ্গে জানিয়েছিলেন, ‘সিরিজের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সবকিছুর ওপর চোখ থাকবে তাদের।’

ইসিবির এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বিসিবির জন্য আসন্ন দুটি সিরিজ (আফগানিস্তান ও ইংল্যান্ড) ঠিকঠাক ভাবে বাস্তবায়ন করাটাই চ্যালেঞ্জের। যদিও এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এর আগেও ভিন্ন ভিন্ন দেশকে দিয়েছিল বিসিবি। আগের অভিজ্ঞতাগুলো তাই এখানে বেশ ভালোভাবেই কাজ করবে বলে জানান জালাল ইউনুস। তাইতো তার বিশ্বাস নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে কোনও ছাড় দেওয়া হবে না।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি নিরাপত্তা ইস্যুতে নিয়ে খুব বেশি চিন্তিত নয় বলে জানান। ইংল্যান্ডের আগে আফগানিস্তান সিরিজ হওয়ার কারনে তাদের নিরাপত্তার বিষয়টি আগে চলে এসেছে। বিসিবির এই পরিচালক জানান ইংল্যান্ডকে যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা ঠিক সেভাবেই আফগানিস্তানকে নিরাপত্তা দেবে বিসিবি।

বর্তমান সময়ে নিরাপত্তার এই ইস্যু আপনাদের জন্য চ্যালেঞ্জের কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগেও আমরা এমন পরিস্থিতি সামলেছি। ২০১৪ সালে এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক দল ছিল তখন। আর সব কিন্তু ব্যাক টু ব্যাক হয়েছে।  শ্রীলঙ্কা সিরিজ শেষে এশিয়া কাপ শুরু হয়ে গেছে, এশিয়া কাপ শেষে এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় কিন্তু হাতে ছিল না। তাই আমরা এতে ভীত নই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে ফুল প্রুফ নিরাপত্তা থাকবে। এই ইস্যুতে কোনও ছাড় দেওয়া হবে না। যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেভাবেই কাজ করা হবে।’

/আরআই/