বিপিএলের চতুর্থ আসরও চ্যানেল নাইনে

edfsdfsdfd.thumbnailপ্রথম আসরেই ছয় মৌসুমের জন্য চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সময় মতো টাকা পরিশোধ না করায় চতুর্থ আসরে চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছিল বিসিবি। তবে বুধবার বিপিএল গর্ভনিং কাউন্সিলের সভা শেষে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে গভর্নিং কাউন্সিল।
ঈদের আগে বিপিএল গভর্নিং কাউন্সিলরের সভা শেষে শেখ সোহেল জানিয়েছিলেন, ‘আমরা তাদের আনুষ্ঠানিকভাবে কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু তারা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চ্যানেল নাইনের সঙ্গে এই বছর সহ চার বছরের চুক্তি বাতিল করতে যাচ্ছি।
বুধবার অবশ্য বিসিবি-চ্যানেল নাইনের সব ঝামেলা মিটে গেছে। এই আসরটিতেও তাই সম্প্রচার করার দায়িত্ব পাচ্ছে চ্যানেল নাইন। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে বুধবার সভা হয়েছে। আমাদের বিপিএল শুরু হয়েছে চ্যানেল নাইন দিয়ে। ওদের সঙ্গে কিছু বিষয় নিয়ে ঝামেলা ছিল। এখন বিষয়টি নিয়ে মিটিং হয়েছে। মিটিংয়েই সব সমস্যার সমাধান হয়েছে। আমরা যেভাবে চাচ্ছি সবকিছু, তারা সেভাবেই করবে বলে জানিয়েছে।’
চতুর্থ আসরের সম্প্রচার স্বত্ত্ব পেলেও আগামী বছরে লড়াই করেই সম্প্রচার স্বত্ত্ব নিতে হবে চ্যানেল নাইনকে। বিষয়টি পরিষ্কার করতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আইএইচ মল্লিক বলেছেন, ‘এই বছরই আমরা টেন্ডারে  যেতে চেয়েছিলাম পরবর্তী তিন আসরের জন্য। কিন্তু বুধবারের সভাতে চ্যানেল নাইনের সঙ্গে সব ঝামেলা মিটে যাওয়ায় আমরা এই বছর তাদেরকেই সম্প্রচার স্বত্ত্ব দিবো। আগামী তিন বছরের জন্য আমরা টেন্ডারে যাবো। আমরা এই মুহূর্তে যে সব প্রস্তাবনা দেয়েছি, তারা সেভাবেই কাজ করতে রাজি হয়েছে।’
/আরআই/কেআর/