ফিল্ডিং নিয়ে কোনও অজুহাত দাঁড় করালেন না মাশরাফি

mashrafe-mortaza-mআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়া হয়েছে। ফিল্ডিং নিয়ে সাকিব-রিয়াদের মতো মাশরাফি অবশ্য কোনও অজুহাত দাঁড় করালেন না। বরং উল্টো সুরে কথা বললেন। প্রথম ম্যাচের বাজে ফিল্ডিং নিয়ে সাকিব ও তামিম বলেছিলেন, ‘অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারনেই ফিল্ডিং খারাপ হয়েছে।’

এ ব্যাপারে মাশরাফি কোনও অজুহাত দাঁড় করালেন না, বরং তিনি বলেছেন, ‘ফিল্ডিং নিয়ে অজুহাত দেওয়া কঠিন। এর জন্য খেলার মধ্যে থাকতে হবে, এমন কোনও বিষয় না। ব্যাটিং-বোলিং, জুটি বলেন কিংবা একসঙ্গে হওয়া বলেন-এগুলো মেটার করে। কিন্তু ফিল্ডিং এমন একটা ইস্যু, যা চাইলেই আপনি উন্নতি করতে পারেন। এটা কোনও অজুহাত হতে পারে না।’
প্রথম ম্যাচে ফিল্ডিং ভালো না হলেও পরের ম্যাচ থেকে ভালো ফিল্ডিং হওয়ার ব্যাপারে আশাবাদী মাশরাফি, ‘প্রথম ম্যাচে ভালো ফিল্ডিং হয়নি। আশা করি সামনের ম্যাচে এটা ঠিক হয়ে যাবে। আমাদের অঙ্গভঙ্গি ঠিক ছিল না। যেটার কারণে একটু কষ্ট হচ্ছিল। এটা হয়; আমরা অনেক কিছু চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। এর কারণে ফিল্ডিং খারাপ হতে পারে। প্রথম ম্যাচে হয়নি, দ্বিতীয় ম্যাচে সব ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, রবিবার প্রথম ম্যাচে তাসকিনের প্রথম ওভারে ইমরুলের ভুলে উইকেট বঞ্চিত হন তিনি। ভুলের শেষটা এখানেই নয়, গ্ররুত্বপূর্ণ সময়ে তাইজুল ইসলাম ব্রেক থ্রু দিতে পারতেন। কিন্তু রিয়াদ সহজ ক্যাচ ফেলে দেন। ওই সময় আফগানদের তৃতীয় উইকেটের জুটিটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিল। দুই ওভার পর অবশ্য সাকিব এই জুটি ভাঙেন, নয়তো প্রথম ম্যাচে হার দেখতে হতো টাইগারদের।
শুরুতে আরেক ওপেনার নুরির ক্যাচও ধরতে পারেননি রুবেল হোসেন। মাশরাফির বল মিডঅনে তুলে মেরেছিলেন আফগান ওপেনার, অনেকটা দৌড়ে গিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হন রুবেল।
/আরআই/কেআর/