মোসাদ্দেক-তাসকিন-এনামুলকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা

মোসাদ্দেক-তাসকিনবাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর সন্নিকটে। আগামী চার নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের চতুর্থ আসরের। চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে মোট ৪৬টি ম্যাচ। ঢাকায় প্রথম পর্ব শেষে দলগুলো চট্টগ্রামে খেলবে। এরপর ফের শেষ পর্বের ম্যাচগুলো শুরু হবে মিরপুরের ২২ গজে।

এবারের আসরে ৭টি দল অংশ নিচ্ছে। গতবারের পাঁচটি দলের পাশাপাশি এবার নতুন করে যোগ হয়েছে আরও দুটি দল। গত আসরে না খেলা খুলনা ও রাজশাহী এক বছর পর ফিরছে বিপিএল-এ। অন্যদিকে গত আসরে খেলা সিলেট বকেয়া পরিশোধ না করতে পারায় তাদের মালিকানা বাতিল করেছে বিসিবি।

চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস দুইজন করে খেলোয়াড় রেখে দেওয়ার ‍সুযোগ পাবে। ইতোমধ্যেই পাঁচটি দল দুইজন করে খেলোয়াড় রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা রেখে দিচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেনকে, চট্টগ্রাম তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়কে, রংপুর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনকে, কুমিল্লা ইমরুল কায়েস ও লিটন দাসকে এবং বরিশাল আল আমিন হোসেন ও তাইজুল ইসলামকে।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আইএইচ মল্লিক বলেছেন, ‘পাঁচটি পুরনো দল তারা দুইজন করে খেলোয়াড় রেখে দিয়েছে। এই কারণে নতুন দল খুলনা এবং রাজশাহী লটারিতে প্রথম ডাকের সুযোগ পাবে। এই দুইটা দলের মধ্যে লটারি হবে। দুই রাউন্ড লটারি শেষে তারা দুইজন খেলোয়াড় সংগ্রহ করবে। তৃতীয় রাউন্ড থেকে ৭টি দল লটারিতে অংশ নেবে।’

/আরআই/এফআইআর/