আফগানিস্তানের চাই ২৮০ রান

তামিম ১১৮ বলে ১১৮ রানআফগানিস্তান বোলারদের ওপর দিয়ে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন সাব্বির রহমান। অনেক দিন পর তার আসল চেহারা দেখা মিলল। তামিম ইকবাল অবশ্য প্রথম ম্যাচেই দেখিয়েছিলেন ঝলক। এক ম্যাচ বিরতি দিয়ে এই ওপেনার হাজির হলেন আরও ভয়ঙ্কর রূপে। তাতে ফিরে পাওয়া গেল ‘বদলে যাওয়া’ বাংলাদেশকে। তামিম পেলেন সেঞ্চুরি আর সাব্বির করলেন হাফসেঞ্চুরি। তাদের গড়ে দেওয়া ভিতটা অবশ্য ঠিকঠাক কাজে লাগাতে পারেননি মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। এর পরও শেষ দিকে মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৮ উইকেটে স্বাগতিকরা স্কোরে জমা করেছে যে ২৭৯ রান।

অথচ একটা সময় ৩০০ রান হওয়াটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তামিম ও সাব্বির যে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তান বোলারদের ওপর, তাতে রান পাহাড়ের নিচেই পড়ার কথা সফরকারীদের। তবু শেষ পর্যন্ত অতদূর যে স্কোরটা এগিয়েছে, তা মাহমুদউল্লাহর ২২ বলে হার না মানা ৩২ রানের ঝোড়ো ইনিংসটির কল্যাণে।

দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-সাব্বির যোগ করেন ১৪০ রান। শুরুটা অবশ্য ভালো ছিল না খুব একটা। চরম খারাপ সময় কাটানো সৌম্য সরকার আবারও ব্যর্থ হয়ে ফেরেন প্যাভিলিয়নে। মিরওয়াইস আশরাফের বলে ১১ রানে তিনি ফেরেন উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের গ্ল্যাভসবন্দি হয়ে। এর পরই আসলে দেখা মেলে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন তামিম-সাব্বির। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। তামিম তো ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিও পূরণ করেন এই ম্যাচে। সাব্বির অবশ্য এগোতে পারেননি বেশিদূর। রহমত শাহর বলে তিনি আউট হন ৬৫ রান করে। ৭৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৬ চার ও ৩ ছক্কায়।

সাব্বির আউট হলেও ভুল করেননি তামিম। প্রথম ওয়ানডেতে ৮০ রানে আউট হওয়া তামিম এবার ঠিকই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যদিও তাতে আছে ভাগ্যের ছোঁয়াও। ব্যক্তিগত ১ রানের সময় আজগর স্ট্যানিকজাই অমন সহজ সুযোগ ক্যাচ ফেলে না দিলে তামিম তো আগেই ফেরেন প্যাভিলিয়নে। সেই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন বড় রানের ভিত। মোহাম্মদ নবীর বলে আউট হওয়ার আগে ১১৮ বলে খেলেছেন ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৫৮ মিনিটের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ চার ও ২ ছক্কায়।

তামিমের আউট হওয়ার পরই অবশ্য পাল্টে যায় বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। মাত্র ৯ রান যোগ করতেই যে স্বাগতিকরা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। সাকিব আল হাসান খুব বেশি অবদান রাখতে পারেননি, ভালো শুরুর পরও ফিরে যান ১৭ রান করে। এর পর পরই আউট ফর্ম হাতরে বেড়ানো মুশফিকুর রহিম। আবারও রশিদ খানের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে যায় ১২ রানে। আশা জাগানো মোসাদ্দেক হোসেনও ব্যর্থ। অভিষেকে উজ্জ্বলতা ছড়ানো মোসাদ্দেক আউট মাত্র ৪ রানে। ওই বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ অসাধারণ ব্যাটিংয়ে আফগানদের দিকে ২৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

/কেআর/