এখনও সেরাটা দেওয়ার বাকি ইংলিশদের

এখনো সেরাটা দেওয়ার বাকি ইংলিশদেরবাংলাদেশ সফরে এখন অবধি ভালো ক্রিকেট খেলতে পারেননি বলে দাবি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হারতে হারতে শেষ পর্যন্ত ২১ রানের জয় পায় বাটলাররা। দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ভেঙে গুড়িয়ে দিয়েও শেষ রক্ষা হয়নি অতিথি ইংল্যান্ডের। উল্টো মাশরাফির বোলিংয়ে কোনঠাসা হয়ে ৩৪ রানের পরাজয় বরণ করতে হয়। বুধবার তাই সিরিজের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

এমন অবস্থায় সিরিজের দুটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারেননি বলে দাবি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শেষ ম্যাচটায় আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বাংলাদেশ ঘরের মাঠে যে কোনও ভেন্যুতে ভালো দল। তবে সবকিছু আমাদের ওপর নির্ভর করছে, বড় রান করা এবং জেতা। আমরা জানি ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। তাদের (বাংলাদেশ) প্রথম ম্যাচে জেতা উচিত ছিল। কিন্তু তারা আমাদের কিছুটা সহজ করে দিয়েছে। তবে এখনও আমাদের সেরাটা দেওয়ার বাকি আছে। আশা করি কালকে (বুধবার) পরিপূর্ণ ক্রিকেট খেলতে পারবো।’    

বেশ কিছুদিন ধরে ঘরের মাঠে ইংল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলছে। বিশেষ করে তাদের ব্যাটসম্যানরা প্রতিপক্ষ বোলারদের ওপর আক্রমণ করে চলছেন। বাংলাদেশে পা দেওয়ার আগে পাকিস্তানের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন। তৃতীয় ম্যাচে এসে আগের গড়া দলীয় ৪৪৩ রানের রেকর্ডটি ভেঙে নিজেদের করে নিয়েছেন। কিন্তু বাংলাদেশ সফরে এসেই বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। বিষয়টি নিয়ে আক্ষেপ করে মঈন আলী বলেছেন, ‘আমার মনে হয় গত কয়েক বছরের মধ্যে আমরা এবারই এতোটা হতাশাজনক ব্যাটিং করেছি। আর যেভাবে হেরেছি সেটা ছিল আরও হতাশাজনক। আমরা শেষ দুই বছর যেভাবে খেলেছি সেভাবে খেলেও হারতে পারতাম। আশা করছি আমরা যেভাবে ব্যাটিং করে আসছিলাম সামনের ম্যাচে সেভাবে ব্যাটিং করতে পারবো।’

বুধবারের ম্যাচের পর ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়ে যাবে টেস্টের আমেজ। তারপরও মঈন আলীর ভাবনায় আপাতত টেস্ট সিরিজ নিয়ে কোনও ভাবনা নেই, ‘এখনও টেস্ট সিরিজ নিয়ে আমরা সেভাবে ভাবিনি। তবে ওয়ানডেতে আমরা ভালো বোলিং করেছি। আমরা জানি তামিম ভালো ফর্মে আছে। তার বিপক্ষে আমরা ভালো করেছি; আমাদের পেসাররা ভালো করেছে। তাই আপাতত বড় কাজটি শেষ করতে চাই।’

/আরআই/এফআইআর/