টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দাপটে দিশেহারা ক্যারিবিয়ানরা। সাবলীল ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নিয়েছেন দুই ওপেনার আজহার আলী ও সামি আসলাম। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ২১৫ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি আসলাম। ৯০ রানে বোল্ড হয়ে যান তিনি রোস্টন চেসের বলে। ২১২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৯ চারে। সারা দিনে ওয়েস্ট ইন্ডিজ ওই একটা উইকেটই ফেলতে পেরেছে পাকিস্তানের। আসলামের আউটের পর আসাদ শফিককে নিয়ে দিনের বাকিটুকু শেষ করেছেন আজহার।
বেশ কিছুদিন ধরে রান খরায় ভোগা আজহার ক্যারিবিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে ফিরেছেন ছন্দে। ওয়ানডেতে সেঞ্চুরির পর টেস্টে নেমেও পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত আছেন ১৪৬ রানে। ২৬৮ বলের ইনিংসে চার মেরেছেন এই ওপেনার ১৪টি। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৩৩ রানে অপরাজিত থাকা শফিক।
/কেআর/