তাসকিনের ক্যারিয়ার ধ্বংস হোক, আমি চাই না : হাথুরুসিংহে

তাসকিনগত কিছুদিন ধরেই তাসকিনকে নিয়ে আলোচনা। টেস্টে পেস বোলিং সংকটের কারণেই মূলত তাকে নিয়ে এই আলোচনা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে মাশরাফি ও নাসির ফিরে গেলেও দলের সঙ্গে থেকে যান তাসকিন আহমেদ।

নির্বাচকরা তাকে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াডে রেখে দেন। তাতেই গুঞ্জন ছড়ায়, প্রথমবারের মতো লাল বলে খেলার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাসকিনের! আলোচনার শুরুটাও মূলত ওখান থেকেই।

যদিও গত কিছুদিন ধরে বাতাসে ভেসে উঠা এমন খবরে জল ঢেলে দিলেন প্রধান কোচ হাথুরুসিংহে, ‘ও সম্প্রতি চারদিনের ক্রিকেট খেলেনি। যদি সে প্রথম শ্রেণির খেলায় অভ্যস্ত থাকতো, তাহলে ভাবা যেত তাসকিন হয়তো ম্যাজিক দেখাবে। ও যেহেতু চারদিনের ম্যাচ খেলছে না, তাহলে কিভাবে টেস্টে নামিয়ে দেওয়া সম্ভব! এখানে ১৫ ওভার বোলিং করার মতো ফিট থাকতে হবে। আমি চাই না, কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক।’

হাথুরুসিংহের এই কথাতেই স্পষ্ট টেস্টের ভাবনাতে একদমই নেই তাসকিন আহমেদ।

শনিবার অবশ্য তাসকিনকে দলে থাকার ইঙ্গিতটা পুরোপুরি ভাবেই দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি টেস্টের জন্য পেসার সংকটের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছিলেন, ‘এই ফরম্যাটে আমরা আমাদের দূর্বলতাগুলো জানি। তারপরও আমরা চেষ্টা করছি তিনজন পেসারকে বেছে নিতে। আমাদের ভাবনায় ৫ জন পেসার রয়েছে। তরুণদের মধ্যে থেকেও আমরা খুঁজছি, সেটা হতে পারে তাসকিনও।’

উল্লেখ্য, তাসকিন সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সাড়ে তিন বছর আগে। ২০১৩ সালে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন তিনি। মোট ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাসকিনের উইকেট সংখ্যা ২৪টি।

/আরআই/কেআর/