শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানেই তিনি জুবায়ের হোসেন লিখনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, ‘এটা খুবই হতাশাজনক। সে (জুবায়ের) দক্ষ ছিলেন। শুরুর দিকে ভালো ছন্দেও ছিল। ম্যাচ জেতাতে অবদানও রেখেছিলেন; এমনকি নিজের তৃতীয় ম্যাচেই ৫ উইকেট নেওয়ার মতো কৃর্তি গড়েছিল। ভারতের বিপক্ষে টেস্টে সে দুটি বড় উইকেট নিয়েছিল। তার জন্য অনেক সময় ও শক্তি ব্যয় করেও ফলপ্রসূ করে গড়ে তুলতে পারিনি। সে বিবর্ণ হয়ে পড়েছে। এটা অবশ্যই আশাভঙ্গের ব্যাপার।’
গত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে প্রথম ৭ ম্যাচ খেলার পর দর্শক সারিতে চলে যাওয়া লিখন আর একটি ম্যাচও খেলতে পারেননি। যদিও প্রথম দিকে ভালো বোলিং করলেও মাঝে এসে প্রচুর বাজে বোলিং করেছেন জুবায়ের হোসেন। তাই তো লিগের বাকি ম্যাচগুলো ডাগআউটে বসেই কাটাতে হয়েছে তাকে। লিখনের পারফরম্যান্স ছাড়াও তার ফিটনেস নিয়েও আছে ব্যাপক প্রশ্ন।
দুই বছর আগে ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে লিখনের অভিষেক। ওই ম্যাচে তার বোলিংয়ে সত্যিকারের লেগ স্পিনারের ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকেই। শুরুর দিকে সামর্থ্যের প্রমাণও দিয়েছেন লিখন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে লিখন হারিয়েছেন তার বোলিংয়ের ধার!
বাংলাদেশের হয়ে অভিষেকের পরের দুই বছরে খেলেছেন মাত্র ৬ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। যেখানে নিজেকে প্রমাণ করা হয়নি। পরবর্তী সময়ে তার পেছনে অনেক সময়ই দেওয়া হয়েছে। অনেককেই বলতে দেখা যায় বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের অন্যতম পছন্দের খেলোয়াড় বাংলাদেশের এই লেগ স্পিনার। সেই কোচেরই মন রক্ষা করতে ব্যর্থ হয়েছেন লিথন। তাতেই কি চটেছেন হাথুরুসিংহে?
চট্টগ্রামে প্রথম টেস্টের আগে স্কোয়াড নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। নাম উঠে এসেছে লিখনেরও। কিন্তু লিখনকে নিয়ে বলতে গিয়ে চরম হতাশা দেখালো লঙ্কান কোচকে। তার এমন মন্তব্যের পর ধরে নেওয়াই যায় লিখনকে নিয়ে পরিকল্পনা নেই টিম ম্যানেজম্যান্টের।
লিখনের ব্যাপারে আরও একবার হতাশা ব্যক্ত করতে গিয়ে হাতুরুসিংহে বলেছেন, ‘ওয়ানডে সাফল্যর সঙ্গে টেস্টের সম্পর্ক স্থাপন করাটা বেশ কঠিন। সঠিক সমন্বয় থাকায় আমরা ওয়ানডেতে ভালো করেছি। টেস্টে যেটা আমরা এখনো পাইনি। এমন বোলার খোঁজার লড়াইয়ে আছি, যারা টেস্টে ২০ উইকেট নিতে পারে। একজন লেগ স্পিনারের খোঁজে ছিলাম যে উইকেট নিতে পারে। কিন্তু সে (লিখন) সেটা করতে পারেনি। আমাদের ভালো স্পিনার আছে, কিন্তু ২০ উইকেট নেয়ার মত কেউ নেই।’
/আরআই/কেআর/