টেস্টে লম্বা ইনিংস খেলতে চান সাব্বির

টেস্টে লম্বা ইনিংস খেলতে চান সাব্বিরবিস্ফোরক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত সাব্বির রহমান। টেস্ট ক্রিকেটে তার অন্তর্ভুক্তি তাই বাড়তি মাত্রা যোগ করছে। ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাব্বির ৩৪.৭১ গড়ে সাব্বিরের সংগ্রহ ১৮৪০ রান। যা কিনা সাব্বিরের খেলা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটের চেয়ে ঢেড় বেশি! গত দুই বছরে সাব্বির আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫টি ম্যাচ খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে।

আন্তর্জাতিক এই ম্যাচগুলো খেলার অভিজ্ঞতা তাকে টেস্টে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করেন সাব্বির, ‘আমার মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেটে ৫০-৬০টি ম্যাচ খেলার পর টেস্ট ম্যাচে ঢোকাটা বড় ব্যাপার। তবে আমি নিশ্চিত, এগুলো আমাকে টেস্ট ম্যাচ খেলার জন্য সাহায্য করবে।’

ভয়-ডরহীন ক্রিকেটের প্রতিনিধি সাব্বির টেস্টেও নিজের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগী থাকতে চান। টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিং করতে পছন্দ করেন তিনি। ডাউন দ্য উইকেট কিংবা মিড অফ, মিড অনে বলকে সীমানা ছাড়া করতে জুড়ি নেই তার। টেস্টেও কি এমন ব্যাটিং করবেন সাব্বির? প্রশ্নের উত্তরটা নিজেই দিলেন সোমবার সংবাদ সম্মেলনে, ‘না তেমন বেশি পরিবর্তন করব না। রান তো রানই। যেভাবে রান করি না কেনও ছয় কিংবা চার মারি, রান তো রানই। দিনশেষে সবাই স্কোরটাই দেখবে।’

তিনি আরও যোগ করেন, ‘চেষ্টা করবো আমার শক্তি অনুযায়ী খেলতে। এখানে সময় কোনও সমস্যা নয়। মানসিকভাবে স্বস্তির জায়গা থাকবে যে, ডট হলেও সমস্যা নেই। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ডট বল হলে চাপ চলে আসে। কিন্তু এখানে চাপের কিছু নেই। সময় নিয়ে খেলাটাই সবচেয়ে ভালো।’

সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বেরিয়ে টেস্ট ক্রিকেটে আপনার মানসিকতা পরিবর্তন কীভাবে করছেন জানতে চাইলে সাব্বির বলেছেন, ‘সবকিছুই মানসিক ব্যাপার। টেস্ট ম্যাচে চেষ্টা করবো বলের মেরিট বুঝে খেলতে। আমি এটা অনুশীলন করেছি মাঠের বাইরে, একা অনুশীলন করেছি। অনেকসময় চিন্তা-ভাবনা করেছি কীভাবে টেস্ট ম্যাচ খেলা যায়। কীভাবে ভালো কিছু করা যায়।’

ওয়ানডে, টি-টোয়েন্টিতে আপনার বড় ইনিংস খেলা হয়নি। টেস্টে সেটা সম্ভব কিনা-, ‘হ্যাঁ। টেস্ট ম্যাচে তো অনেক সময় থাকে। পাঁচদিন সময় থাকে ব্যাটিং করার। আমি যে সময় নামবো হয়তো অনেক সময় থাকবে। চেষ্টা করবো যাতে লম্বা ইনিংস খেলা যায়।’

/আরআই/এফআইআর/