নতুন বলে আত্মবিশ্বাসী থাকেন মিরাজ

নতুন বলে আত্মবিশ্বাসী থাকেন মিরাজচট্টগ্রামে অভিষেক টেস্টে ৫ উইকেটের মাইলফলকে পৌঁছানোর পর ঢাকাতে একই মাইলফলকে পৌঁছেছেন মেহেদী হাসান মিরাজ। আর যা বাংলাদেশের বোলারদের হয়ে একমাত্র তারই আছে। শুধু তাই নয়, শনিবার দুই টেস্টের তিন ইনিংস শেষে ১৩ উইকেট নিয়ে অভিষেকের পর প্রথম দুই ম্যাচের শীর্ষ বোলার মিরাজই। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তরুণ এই অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে মিরাজ বেশিরভাগ উইকেট নিয়েছেন নতুন বলে। কারণ হিসেবে বলেছেন নতুন বলে তিনি পুরনো বলের চেয়ে আত্মবিশ্বাসী বেশি থাকেন।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজের কথোপকথনের ‍চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হল :-

প্রশ্ন : পর পর দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েলেন; কেমন লাগছে?

মিরাজ : অবশ্যই ভালো লাগছে। দুইবার পাঁচ উইকেট পেয়েছি।

প্রশ্ন: প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার পর পরের ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার প্রত্যাশা করেছিলেন কিনা?

মিরাজ : আমি কখনো প্রত্যাশা করি না। চেষ্টা করি সব সময় স্বাভাবিক পারফরম্যান্স করতে। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে চেষ্টা ছিল স্বাভাবিক খেলা খেলার।

প্রশ্ন : সেখানে কতটা চ্যালেঞ্জ ছিল?

মিরাজ : আমার জন্য অবশ্যই ভিন্ন চ্যালেঞ্জ ছিল। দলের সিনিয়র বড় ভাইরা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা আমাকে বুঝিয়েছেন কষ্ট করে উইকেট নিতে হবে। ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে যাবে।

প্রশ্ন : আপনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যুব বিশ্বকাপ খেলেছেন। জাতীয় দলের হয়ে গত ৩ ইনিংসে রান আসেনি। বিষয়টি নিয়ে কী ভাবছেন?

মিরাজ: তিনটি ইনিংসে এক রান করে আউট হয়ে গেছি। আন্তর্জাতিক ক্রিকেট আর বয়সভিত্তিক ক্রিকেটে অনেক পার্থক্য। এখানে অনেক বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলতে হয়। এমনিতেই টেস্টে ইংল্যান্ড বিশ্বমানের দল। আমি চেয়েছিলাম ভালো খেলার জন্য, দুর্ভাগ্যবশত হয়নি। ভবিষ্যতে ব্যাটিংটা উন্নতি করার চেষ্টা করবো।

প্রশ্ন : যদিও আপনি জুনিয়র খেলোয়াড়, দিনের শেষ বলে রিয়াদের আউটটি কীভাবে দেখছেন?

মিরাজ: রিয়াদ ভাই অনেক ভালো ক্রিকেটার; অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হতেই পারেন। তারপরও তিনি ক্রিজে থাকলে আমাদের জন্য ভালো হত। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন। কেউতো আর ইচ্ছে করে আউট হতে চায় না। তারপরও আমাদের যারা ব্যাটসম্যান আছেন যেমন সাকিব ভাই, মুশফিক ভাই, শুভাগত ভাই যারাই আছেন সবাই চেষ্টা করবে সামনের দিনে ভালো কিছু করতে।

প্রশ্ন: ওই সময় ড্রেসিরুমে কী আলোচনা হয়েছে?

মিরাজ: ব্যাটসম্যানরা যে কোনও বলেই আউট হতে পারে। ব্যাটসম্যানরা সুযোগ একটাই পেয়ে থাকে। অন্যদিকে বোলাররা সুযোগ অনেক পেয়ে থাকে। ব্যাটিং করার সময় সিদ্ধান্ত একটু এদিক-সেদিক হলেই আউট হয়ে যায়। আমাদের সবকিছুই ঠিক ছিল কিন্তু এই আউটটাতেই ...।

প্রশ্ন : নতুন নাকি পুরনো বলে আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

মিরাজ : আমি আসলে দুটোতেই বল করতে পছন্দ করি। তবে বলটা নতুন থাকলে বেশি ভালো লাগে। যখন নতুন থাকে তখন বলটাকে ব্যবহার করা যায়। কিন্তু পুরনো হয়ে গেলে বলটা অনেক নরম হয়ে যায়। তখন কাজ করা কঠিন হয়। নতুন বলে বল করার সময় আমাকে আত্মবিশ্বাসী মনে হয়।

প্রশ্ন: নবম উইকেটে ইংল্যান্ডের জুটির সময় আপনাদের পরিকল্পনা কী ছিল?

মিরাজ : টেস্ট ক্রিকেটে জুটি হবেই। ওদের কিন্তু একটা সেশনে ২-৩-৪ টা করে উইকেট পড়ছিল। দুইঘণ্টায় আবার উইকেট পড়েনি।  একটা সেশনে ওরা জুটি গড়েছে। আসলে এটাই টেস্ট খেলার নিয়ম! ওই সময় আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু ওরা আরও বেশি ভালো ব্যাটিং করেছে।

প্রশ্ন : মুশফিক আপনাকে কী বলেছিলেন?

মিরাজ : মুশফিক ভাই একটা কথাই বলেছিলেন, এখন যদি আমরা ওদের আটকে দিতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাচটা সহজ হয়ে যাবে। আমাদের জন্য সুযোগ তৈরি হবে।

/আরআই/এফআইআর/