পাকিস্তানকে জবাবটা ভালোই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রেইগ ব্র্যাথওয়েটদেবেন্দ্র বিশুর ঘূর্ণিতে (৭৭ রানে ৪ উইকেট) প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট ২৮১ রানে। বোলিংয়ের পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের (৯৫*) ওপর ভর দিয়ে ক্যারিবিয়ানরা শারজাহ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪৪ রানে। এর মানে প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ৩৭ রানে।

শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৩৮ রানেই তারা হারায় ৩ উইকেট। ওয়াহাব রিয়াজের বলে এলবিডাব্লিউ হয়ে লিওন জনসন (১) ফিরে যান শুরুতেই। দাঁড়াতে পারেননি ক্যারিবিয়ানদের সেরা দুই ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভো (১১) ও মারলন স্যামুয়েলসও (০)। সেই ধাক্কাটা কাটানোর আগেই সফরকারীরা চতুর্থ উইকেট হারায় জার্মেইন ব্ল্যাকউড (২৩) ভালো শুরুর পর মোহাম্মদ আমিরের বলে আসাদ শফিকের হাতে ধরা পড়লে।

এর পর অবশ্য সফরকারীরা ঘুরে দাঁড়ায় ব্র্যাথওয়েট-রোস্টন চেসের জুটিতে। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৮৩ রান। চেস হাফসেঞ্চুরি (৫০) করে ফিরে যাওয়ার পর আবার দাঁড়িয়ে যান শেন ডরউইচ। অন্য প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূরণ করে ব্র্যাথওয়েটও এগিয়ে নিচ্ছিলেন ক্যারিবিয়ানদের স্কোর। ষষ্ঠ উইকেটে তারাও যোগ করেন ৮৩ রান। যদিও ওয়াহাবের বলে বোল্ড হয়ে ডরউইচ ফেরেন ৪৭ রান করে। দিনের বাকিটা অবশ্য জেসন হোল্ডারকে নিয়ে কাটিয়ে দিয়েছেন ৯৫ রানে অপরাজিত থাকা ব্র্যাথওয়েট।

এর আগে ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হয়ে যায় ২৮১ রানে।

/কেআর/