আগামী শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে কুড়ি ওভারের টুর্নামেন্টটির চতুর্থ আসর। গত আসরে খুলনা বিপিএলে ছিল না। প্রতিযোগিতাটির চতুর্থ আসরে ‘খুলনা টাইটানস’ নামে অংশগ্রহণ করছে খুলনার দলটি। বিপিএলে ভালো ফলাফলের পাশাপাশি খুলনার খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখতে চায় জেমকন গ্রুপের ‘খুলনা টাইটানস’। শুধু তাই নয়, খুলনার মানুষজনকেও সম্পৃক্ত করতে চায় দেশের বৃহৎ এই প্রতিষ্ঠানটি। খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদের মতে টাইটানস হবে ‘খুলনার মানুষের টিম’।
তার বক্তব্যের পরই লেজার শো’র মাধ্যমে খুলনা টাইটানসের জার্সি উন্মোচন করা হয়। ২০০৭ সালে বাইক দূর্ঘটনায় নিহত মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুকে খুলনা টাইটানসের আজীবন সদস্য হিসেবে তাদের দুজনের জার্সি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে তুলে দেন কাজী ইনাম আহমেদ।
খুলনা টাইটানসের পরামর্শক হাবিবুল বাশার বলেছেন, ‘আমাদের দলে দেশি-বিদেশি দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। আশা করি ভালো কিছুই হবে।’
জার্সি উন্মোচনের সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। খুলনা টাইটানসের থিম সং নিয়ে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী জন কবির। তিনি ছাড়াও সংগীত পরিবেশন করেছেন অদিত, বাম্মি সহ আরও অনেকে।
ছবি : সাজ্জাদ হোসেন
/আরআই/কেআর/