ছয় মাস মাঠের বাইরে স্টেইন!

dale-steynচোটটা যে গুরুতর, সেটা ডেল স্টেইনের হাসপাতালে যাওয়ার খবরই দিয়েছিল ইঙ্গিত। ডান কাঁধের পুরনো চোট নতুন করে ফিরে আসায় এবার ছুরিকাঁচির নিচেই যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসারকে। এই ধরণের অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে ছয় মাসের মতো লেগে যায় বলে জানিয়েছেন প্রোটিয়াদের ডাক্তার মোহাম্মদ মুসাজি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ডান কাঁধে চোট পান স্টেইন। একই চোটের কারণে গত বছরের শেষ দিকে অনেকটা সময় তাকে কাটাতে হয়েছিল মাঠের বাইরে। নিজের ১৩তম ওভারের চতুর্থ বলটা করেই ডান কাঁধ ধরে বসে পড়েন স্টেইন, পরে মাঠ ছাড়া প্রোটিয়া পেসারকে যেতে হয়েছিল হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অস্ত্রোপচার করার দরকার মনে করছেন মুসাজি।

অবশ্য দেশে ফিরে যাওয়ার পরই আসলে স্টেইনের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং কেপ টাউনে অর্থোপেডিক সার্জনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তার জন্য কোন চিকিৎসাটা ভালো হয়।’ পরে অবশ্য জানিয়েই দিলেন, ‘অবস্থা দেখে তো মনে হচ্ছে অস্ত্রোপচার করতে হবে।’ ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সেটাও পরিস্কার করেছেন মুসাজি, ‘ঠিক কতদিন লাগতে পারে, সেটা আসলে অবস্থা দেখে বলা যাবে। তবে এই ধরণের অবস্থা থেকে ফিরতে ছয় মাসের মতো লাগে।’ এএফপি

/কেআর/