উদ্বোধনী দিনে মুখোমুখি শীর্ষ চার তারকা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন

বিপিএলের উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের শীর্ষ চার ক্রিকেট তারকা। বেলা ২টায় প্রথম ম্যাচে রঙ্গিন পোশাকের অধিনায়কের সঙ্গে মুখোমুখি হবে টেস্টের সহ-অধিনায়ক। অর্থাৎ মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে।

সন্ধ্যার ম্যাচে টেস্টের অধিনায়কের মুশফিকের বরিশাল বুলসের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। সবগুলো দলই প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে চায়।

অধিনায়ক মাশরাফি আছেন বলেই স্বভাবত সবার চেয়ে এগিয়ে থাকবেন ভিক্টোরিয়ানরা। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও গত বছর মাশরাফির দারুন অধিনায়কত্বই নিশ্চিত করেছিল দলটির শিরোপা জয়। এবার অবশ্য গতবারের চেয়ে শক্তিশালী দল গড়েছে তারা। গতবারের টুর্নামেন্ট সেরা আসহার জাইদিকে ধরে রেখেছে কুমিল্লা। এছাড়া আছেন ইমরুল কায়েস, লিটন দাস, আল আমিন ও নাজমুল হোসেন। আর পেস বোলিংয়ে মাশরাফির সঙ্গী সোহেল তানভীর ও নুয়ান কুলাসেকারা। লেগ স্পিনার হিসেবে রশিদ খান প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

মাশরাফি অবশ্য অধিনায়কত্বকে শেষ কথা মনে করেন না। তবে কুমিল্লা সমর্থকদের ভাবনা তেমই। মাশরাফির মতে মাঠে সেরা ক্রিকেট খেলেই জিততে হয়। আর তাইতো মাঠের লড়াই মনোযোগী মাশরাফি।

ঢাকা ডায়নামাইটসের অনুশীলন

মঙ্গলবারের ম্যাচ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েস বলেছেন, ‘আমরা কোনও চাপ নিচ্ছি না। সত্যি কথা বলতে প্রত্যেকেই তাদের স্বাভাবিক খেলা খেলতেই মনোযোগী। চিটাগং ভাইকিংস বা যারা আছে প্রত্যেকটা দলই শক্তিশালী। সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেটাই খেলার। চিটাগং নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই।’

তামিম ইকবাল, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, গ্র্যান্ট এলিয়ট, মোহাম্মদ নবী, জীবন মেন্ডিস, টাইমাল মিলস, চতুরাঙ্গা ডি সিলভার মতো বিদেশি ক্রিকেটার রয়েছেন চিটাগং ভাইকিংসে। দেশি ক্রিকেটারের মধ্যে তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, আবদুর রাজ্জাক, সাকলায়েন সজীব ও লেগ স্পিনার জুবায়ের হোসেন আছেন দলে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রামের দলটি।

কুমিল্লার ইমরুলের মতো চিটাগংয়ের আব্দুর রাজ্জাকও প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। রাজ্জাকও নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চান। বলেন, ‘তারা গতবারের চ্যাম্পিয়ন ছিল। ওরা কি করবে সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগী থাকতে চাই। আশা করি মাঠে এটা করতে পারলে সাফল্য আমাদের পক্ষেই আসবে।’

তবে উদ্বোধনী ম্যাচের শুরুতে সমস্যা হতে পারে তামিম ইস্যু। আগেরবারে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে বিসিবির কোনও প্রতিযোগিতায় পরবর্তী এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয় তামিমকে। প্রশ্ন উঠেছে, সেই শাস্তি কি আজ কার্যকর হবে? আজ খেলতে পারবেন তামিম? যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের যুক্তি, ‘এটা ভিন্ন ফরম্য্যাট, ফ্র্যাঞ্চাইজভিত্তিক টুর্নামেন্ট। তামিমের খেলতে অসুবিধা নেই।’

বরিশাল বুলসের অনুশীলন

দিনের অপর ম্যাচেটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। মুশফিকের বরিশাল বুলস লড়বে সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

সবচেয়ে বেশি তারকা সমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে খেলছেন এই দলে। শুধু কি তাই, এই দলে দেশের অন্যতম সেরা দুই অলরাউন্ডার নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন। ক্যারিবীয় বিস্ফোরক ক্রিকেটার এভিন লুইস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার আছেন এই দলে। এছাড়া দলে আছেন মোহাম্মদ শহীদ, ওয়েইন পারনেল ও রবি বোপারাও। লেগ স্পিনার তানভীর হায়দার হয়তো চমক দেখাতে পারেন বিপিএলের এই আসরে।

দলটির অধিনায়ক সাকিব প্রথম ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। বলেন, ‘প্রথম ম্যাচের সব সময়ই আলাদা একটা গুরুত্ব থাকে। ভালো একটা ফলাফল করতে পারলে অনেক আত্মবিশ্বাস চলে আসে। আমরা এখন ওখানেই নজর রাখছি।’

বরিশালের এবারের পেস আক্রমণ যে কোনও দলকেই ঈর্ষায় ফেলবে। আল আমিন হোসেন, আবু হায়দার, কামরুল ইসলাম, থিসারা পেরেরা, কার্লোস ব্রাফেট, রায়াদ এমরিতের মতো পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার দলটিতে। সে তুলনায় স্পিনে একটু ঘাটতি আছে দলে। শুধু তাইজুল ইসলাম, দিলশান মুনাবীরা ও মোহাম্মদ নওয়াজই আছেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে। ব্যাটিংয়ে অধিনায়ক মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান ও জশুয়া কবই ভরসা।

চিটাগং ভাইকিংসের অনুশীলন

মঙ্গলবার ঢাকার বিপক্ষে ম্যাচ নিয়ে দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস বলেছেন, ‘বরিশাল বুলস ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে। আমাদের বোলিং বিভাগটা খুব শক্তিশালী। আর যে ফরম্যাটই হোক ম্যাচ আপনাকে জেতাবে বোলাররাই। ব্যাটসম্যানরা একটা ভিত গড়ে দেয়, বোলাররা ম্যাচ জেতায়। ওই হিসেবে আমরা খুবই খুশি যে, আমাদের একটা ভালো বোলিং সাইড আছে। পাশাপাশি বিদেশি যারা আছে তারা খুবই ভালো। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে সাফল্য সম্ভব।’

 

/এসটি/