নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার সফরসঙ্গী হ্যারিস-হাডিন

হ্যারিস ও হাডিন২০১৫ সালের অ্যাশেজ সিরিজের আগমুহূর্তে অবসর নেন রায়ান হ্যারিস। আর একই বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলেন ব্রাড হাডিন। তবে জাতীয় দলের প্রতি ভালোবাসা শেষ হয়নি তাদের। আর তাই আগামী বছরের চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফরসঙ্গী তারা দুইজন। অস্ট্রেলিয়ার চার টেস্টের প্রস্তুতির জন্য ভারতে যাবেন ব্যাটিং কোচ গ্রায়েম হিক ও বোলিং কোচ ডেভিড সাকের। আর তাদের জায়গায় নিউজিল্যান্ড সফরের কোচিং স্টাফ দলে যোগ দেবেন হ্যারিস ও হাডিন।

৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আর ২৩ ফেব্রুয়ারি ভারতের পুনেতে হবে প্রথম টেস্ট। প্রধান কোচ ড্যারেন লেম্যান নিউজিল্যান্ডে ওয়ানডে দলের সঙ্গে থাকলেও হিক ও সাকের আগেভাগে চলে যাবেন ভারতে। সেখানে টেস্ট সিরিজ নিয়ে তারা ছক কষবেন।

হ্যারিস দায়িত্ব পালন করবেন বোলিং কোচ হিসেবে, এ বছরের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলেও একই ভূমিকায় কাজ করেন তিনি। আর নিউজিল্যঅন্ড সফরে ফিল্ডিং পরামর্শক থাকবেন হাডিন, অস্ট্রেলিয়ান ‘এ’ দলের সঙ্গে শীতকালীন সিরিজে কোচিং করানোর অভিজ্ঞতা পেয়েছেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/