শক্তি ও সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাস মাহমুদউল্লাহর

শক্তি ও সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাস মাহমুদউল্লারখুলনা টাইটানস তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংসের বিপক্ষে। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বুধবার মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের ক্রিকেটাররা একাডেমিতে ঘাম জড়িয়েছেন। অনুশীলন শেষে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

প্রতিপক্ষ হিসেবে রাজশাহী কিংসকে নিয়ে খুব বেশি ভাবছেন না খুলনার অধিনায়ক। তার ভাবনা পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করার দিকে। এ ব্যাপারে রিয়াদ বলেছেন, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা যদি আমাদের মূল শক্তি এবং নিজেদের সেরা ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারি, সেক্ষেত্রেই ইতিবাচক রেজাল্ট হওয়া সম্ভব। প্রতিপক্ষকে নিয়ে আসলে ভেবে লাভ নেই। প্রতিপক্ষ হিসেবে সব দলই ভালো। সাফল্য পেতে হলে মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। কঠিন সময়ে যদি স্থির থেকে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া যায়। তাহলে ফলাফল নিজেদের পক্ষে করে নেওয়া সম্ভব হবে।’

ফেভারিটের তকমা সেভাবে না থাকাতেই বাড়তি সুবিধা মনে করেন মাহমুদউল্লাহ, ‘এটা ভালো একটি চ্যালেঞ্জ। আমাদের দলে ওরকম বড় নাম নেই। কিন্তু দিন শেষে পারফরম্যান্সই কথা বলবে। আমরা যদি দল হিসেবে ভালো করতে পারি। আশা করি ভালো কিছুই হবে।’

আপাতত দলের দুর্বল জায়গাগুলো সেভাবে দেখছেন না মাহমুদউল্লাহ। সবমিলিয়ে দলটাকে ভারসাম্যপূর্ণই মনে করছেন তিনি, ‘এ মুহূর্তে আমি দুর্বল জায়গা দেখছি না। টুর্নামেন্ট যেতে যেতে এগুলো সামনে আসবে। এ মুহূর্তে দলটা বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। পেস বোলিং অলরাউন্ডার আছে, স্পিনার আছে, লেগ স্পিনার আছে, অফ স্পিনার আছে। ভালো ব্যাটসম্যানও আছে। আমাদের দেশীয় ক্রিকেটারদের সংগ্রহটাও দারুণ। এই মুহূর্তে ভালো খেলাটাই মূল লক্ষ্য।’

/আরআই/