ড্রয়ের দিকে এগোচ্ছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট

রানে ফেরার ইঙ্গিত অ্যালিস্টার কুকেরবাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট হেরে ইংল্যান্ড পা রাখে ভারতে। তাই ভাবা হচ্ছিল কঠিন পরীক্ষাতেই পড়তে যাচ্ছে ইংলিশরা। যদিও সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে দুর্দান্ত ক্রিকেটই খেলছে তারা ভারতে। রাজকট টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যে দারুণ শুরু করেছে অ্যালিস্টার কুকরা। ভারতকে প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট করে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১১৪ রানে। তাতে ১৬৩ রানের লিড নিলেও রাজকটের প্রথম টেস্ট এগোচ্ছে ড্রয়ের দিকেই।

৪ উইকেটে ৩১৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। আগের দিন অপরাজিত থাকা বিরাট কোহলির সঙ্গে দিন শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অধিনায়ক যেতে পারেননি বেশি দূর। ৪০ রান করে আদিল রশিদের বলে হিট উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। তার আউটের পর অবশ্য অশ্বিন দাঁড়িয়ে যান ঋদ্ধিমান সাহাকে নিয়ে। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৬৪ রান। ঋদ্ধিমান ৩৫ রানে আউট হলেও অশ্বিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। তার ৭০ রানের ইনিংসের ওপর ভর দিয়েই আসলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের ব্যবধান কমাতে পেরেছে স্বাগতিকরা। মঈন আলীর বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

৪৯ রানের লিড পাওয়া ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে দারুণ। ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া অ্যালিস্টার কুক অপরাজিত আছেন ৪৬ রানে। আর অভিষিক্ত হাসিব হামিদ টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূরণ করে দিন শেষ করেছেন ৬২ রানে। তাতে কোনও উইকেট না হারিয়ে ইংলিশদের সংগ্রহ ১১৪ রান। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(চতুর্থ দিন শেষে)

ইংল্যান্ড : ৫৩৭ ও দ্বিতীয় ইনিংস ৩৭ ওভারে ১১৪/০ (হামিদ ৬২*, কুক ৪৬*)।

ভারত : প্রথম ইনিংস ১৬২ ওভারে ৪৮৮ (মুরালি বিজয় ১২৬, পূজারা ১২৪, অশ্বিন ৭০, কোহলি ৪০; আদিল রশিদ ৪/১১৪, আনসারি ২/৭৭)।

/কেআর/