বিপিএল-এর এক হাজারি ক্লাবে মুশফিক

বিপিএল-এর এক হাজারি ক্লাবে মুশফিকবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক হাজারি ক্লাবের প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। সোমবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামার আগে এই ক্লাবের সদস্য হতে তার প্রয়োজন ছিল মাত্র ৫ রান। সোমবার চিটাগংয়ের বিপক্ষে দশ রান নিয়ে মুশফিকের ব্যাট থেকেই এসেছে টানা তৃতীয় জয়। এনিয়ে টানা চার ম্যাচেই নটআউট থাকলেন বরিশালের এই অধিনায়ক।

ইনিংসের শেষ ওভারে শুভাশীষ রায়ের দ্বিতীয় বলে বাউন্ডারির সাহায্যে এক হাজার রান পূরণ করেন মুশফিক। ৩৮ ম্যাচে ৩৫ ইনিংস খেলে ৪১.৮৭ গড়ে ১০০৫ রান নিয়ে আছেন মুশফিকুর রহিম! ৭৬ চার ও ৩২ ছক্কায় ৭ হাফসেঞ্চুরিতে মুশফিক এই মাইলফলক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত ৪ বলে দুই চারে ১০ রান করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

বরিশালের জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচেই মুশফিক করেছেন ১৭৪ রান। প্রথম ম্যাচে ৫০ এরপর দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। তৃতীয় ম্যাচে করলেন ৮১ রান।

প্রথম আসরে মুশফিকুর রহিম খেলেছিলেন দূরন্ত রাজশাহীর হয়ে। ১১ ম্যাচে করেছিলেন ২৩৪ রান। দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে ১৩ ম্যাচে ৪৪০ রান। গত বছর তৃতীয় আসরে করেছিলেন সবচেয়ে কম রান। সিলেট সুপারস্টারসের হয়ে ১০ ম্যাচে করেন মাত্র ১৫৭ রান। তৃতীয় আসরের সর্বমোট রান এবার তিন ম্যাচেই অতিক্রম করেছেন মুশফিক!

ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে থাকা মুশফিক, বিপিএল-এ এবার কোথায় গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।

মুশফিক বিপিএল-এ একহাজারি ক্লাবের একমাত্র সদস্য। মুশফিকের পেছনে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৩৭ ম্যাচে তার রান ৭৭৫। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা এনামুল হক বিজয়ের সংগ্রহ ৭৬২।

/আরআই/