দু প্লেসিসকে টিটকারিতে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

দু প্লেসিসবল টেম্পারিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর অ্যাডিলেইড ওভালে তৃতীয় ও শেষ টেস্ট খেলায় বাধা পাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস। তবে মাঠে নামার আগে বুঝতে পারছিলেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাকে ছাড়বে না। বিদ্রুপসূচক দুই একটি উক্তি কানে ঢুকবে অনুমান করেছিলেন দু প্লেসিস। কিন্তু সেটা মাত্রাছাড়া হওয়ায় হতাশ তিনি। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, প্রতিপক্ষের অধিনায়ককে টিটকারি করাটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছেছিল।

গ্যালারি থেকে ছুটে আসা তির্যক মন্তব্যগুলো প্রথমে কানে নেননি দু প্লেসিস। কিন্তু সেঞ্চুরির পরও সেটা না থামায় কষ্ট পেয়েছেন তিনি। সান্দারল্যান্ড একমত, ‘এটা একটু কেমন যেন হলো। সে সুন্দর ব্যাট করছিল। আমার মতে ওমন সুন্দর একট শতকের পর তাকে টিটকারি করা ঠিক হয়নি।’ খেলায় দর্শকদের চিৎকার চেচামেচি থাকবে, কিন্তু সেটার সীমা থাকা উচিত বললেন অজি ক্রিকেট কর্মকর্তা, ‘খেলায় গ্যালারি থেকে দর্শকরা একটু মজা করতেই পারে। কিন্তু এদিন ভক্তদের মজা করা শেষদিকে বাড়াবাড়ি রকমের হয়েছে।’

/এফএইচএম/