আগামী ৯ ও ১০ ডিসেম্বর ১০ দিনের ক্যাম্প করতে অস্ট্রেলিয়া উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলে নতুন করে আরও বেশ কিছু নাম যোগ হয়েছে। বিপিএলে ভালো খেলায় অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট পেয়েছেন মেহেদী মারুফ।
তবে শহীদের বদলে কে যাচ্ছেন, এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাচকরা। যদিও শোনা যাচ্ছে শহীদের বদলে পেসার রুবেল হোসেনের অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্য বিষয়টি স্বীকার করলেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘খুবই দুর্ভাগ্যজনক শহীদের জন্য। আমারও খুব খারাপ লাগছে। খুব ভালো বোলিং করছিল, ফর্মে ছিল ও। টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেনি। ওর পরিবর্তে আমরা কাকে নেব, তা এখনও ঠিক করিনি। সবারই ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তো বিপিএল শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব, আমরা কাকে বেছে নেব। আমাদের হাতে আসলে সময় আছে অনেক। শহীদ ছাড়া বাকি যে ফাস্ট বোলাররা স্কোয়াডে আছে, তারা কিন্তু ভালো করছে।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকের নামই আছে। যেমন রাব্বি আছে, আল- আমিন হোসেন আছে, রুবেল আছে। সবাই কিন্তু ভালো বোলিং করছে। ভালো দিকটা হলো আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।’
বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যয়ন করতে গিয়ে হাবিবুল বলেছেন, ‘আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকি। জাতীয় দলের খেলোয়াড়রা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছে, করছে এবং করবেও। আমি ব্যক্তিগতভাবে তাকিয়ে থাকি নতুন কোনও খেলোয়াড় উঠে আসলো কিনা সেদিকে। বিপিএলের প্রতিটি আসরই পাইপলাইনে কিছু না কিছু খেলোয়াড় জোগান দেয়।’
/আরআই/কেআর/