কোহলির হয়ে পাল্টা খোঁচা দিলেন ইনজামাম

কোহলির হয়ে পাল্টা খোঁচা দিলেন ইনজামামবিরাট কোহলিকে খোঁচা মেরেছিলেন জিমি অ্যান্ডারসন। ভারতীয় টেস্ট অধিনায়ক সেই খোঁচার জবাব না দিলেও তার হয়ে উত্তরটা ঠিকই দিয়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।  

ইট মারলে পাটকেলও খেতে হয়- কথাটা বোথ হয় আগে বুঝতে পারেননি জিমি অ্যান্ডারসন। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং কৌশল নিয়ে তীর ছুঁড়েছিলেন ইংলিশ পেসার। এমন মন্তব্যের পর তাকে পাল্টা তীরে বিদ্ধ করছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেই কাতারে কোহলির হয়ে যোগ দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক।

ইনজামাম বলেছেন, ‘এমন মন্তব্য শুনে আমি নিজেই বিস্মিত হয়েছি।’ এমন কথার পর পাল্টা অ্যান্ডারসনকেই খোঁচা মেরে বসেন ইনজি, ‘ও যে কোহলির রান ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, আমিও ওকে ভারতে খুব বেশি উইকেট নিতে দেখিনি।’

তিনি আরও যোগ করেন, ‘অ্যান্ডারসন কি এটা বলতে চায় যে -ইংল্যান্ডে রান পেলেই কেউ কোয়ালিটি ব্যাটসম্যান হয়ে যাবে। আর ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কি উপমহাদেশে কখনও ধুঁকে না? ধুঁকলে কি আমরা বলবো যে তারা দুর্বল দল বা দুর্বল ক্রিকেটার।আমার কাছে মনে হয় টেস্টে রান মানে রানই। কোথায় পেলেন সেটা মুখ্য নয়।’

এসময় ইনজামাম কোহলির ব্যাটিয়ের প্রশংসা করেন। করারই কথা, কারণ কোহলির ২৩৫ রানে ভর করেই মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক ভারত।

/এফআইআর/