মাত্র ৫ ওভারে বাংলাদেশের যুবাদের সিঙ্গাপুর জয়

সাইফ হাসান ১১ বলে ৩৩৭১ রানের লক্ষ্যটা ৫ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাইফ ১১ বলে খেলেছেন ৩৩ রানের ঝোড়ো ইনিংস। সাইফের ইনিংসটাই আসলে সহজ ম্যাচটাকে করে দেয় আরও সহজ।

ম্যাচটা ৫০ ওভারের, কিন্তু বিজয়ের দিনে বেশি সময় নষ্ট করতে চায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫ ওভারের ঝোড়ো ব্যাটিংয়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। প্রথমে বোলারদের দাপটে বাংলাদেশ মাত্র ৭০ রানে গুটিয়ে দেয় সিঙ্গাপুরকে। এর পর ব্যাট হাতে হয়ে উঠে আরও বিধ্বংসী। শ্রীলঙ্কার গলে ৭১ রানের সেই লক্ষ্যটা ৫ ওভারে পেরিয়ে যায় সাইফ হাসানরা ৭ উইকেট হাতে রেখে।

ওয়ানডে ম্যাচটাকে টি-টোয়েন্টি বানিয়ে ফেলেছিল বাংলাদেশের যুবারা। অধিনায়ক সাইফ ওপেনিংয়ে নেমে ১১ বলে খেলেছেন ৩৩ রানের ঝোড়ো ইনিংস। যাতে ছিল ২টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার। সাইফের ইনিংসটাই আসলে সহজ ম্যাচটাকে করে দেয় আরও সহজ। পরের ব্যাটসম্যানরাও খেলেছেন হাত খুলে। সে কারণেই আফিফ হোসেন (৬) ও রায়হান রাফসান (৬) আউট হয়ে যায় দ্রুত। সজীব হোসেন (৭*) ও মোহাম্মদ রাকিব (১৩*) অবশ্য জয় নিশ্চিত করেই ছাড়েন মাঠ।

এর আগে আবদুল হালিম ও নাঈম হাসানের বোলিং তোপে এলোমেলো হয়ে যায় সিঙ্গাপুরের ব্যাটিং লাইন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন ওপেনার রোহান রঙ্গরাজন (২৩)। এ ছাড়া বাকি সবাই যোগ দিয়েছেন উইকেট হারানোর মিছিলে। হালিম ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। নাঈম তো ছিলেন আরও ভয়ঙ্কর, ৩ উইকেট নিতে তিনি খরচ করেছেন মাত্র ১৬ রান। শাখাওয়াত হোসেন ১৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/